‘আওয়ামী লীগ বিহীন নির্বাচন জমে উঠছে না’

সিলেটে বিএনপি নেতার ফেসবুক পোস্ট

‘আওয়ামী লীগ বিহীন নির্বাচন জমে উঠছে না’

প্রথম সিলেট প্রতিবেদন

০৫/০২/২০২৬ ১৪:৫৮:৫৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট জেলা বিএনপির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক এবং প্রচার দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. আকবর হোসাইনের দুটি ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। মঙ্গল ও বুধবার (৩ ও ৪ ফেব্রুয়ারি) দেওয়া এসব পোস্ট ইতিমধ্যে ভাইরাল হয়েছে।


একটি পোস্টে মো. আকবর হোসাইন লেখেন, ‘আওয়ামী লীগবিহীন নির্বাচন সেভাবে জমে উঠছে না। একতরফা নির্বাচনে মজা পাচ্ছি না। তারেকময় বাংলাদেশে ২৬০ প্লাস আসন পেয়ে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে।’


আরেকটি পোস্টে তিনি উল্লেখ করেন, ‘দেশে রাজনীতি টিকিয়ে রাখতে আওয়ামী লীগের পুনর্বাসন ছাড়া বিকল্প নেই। এই সব দিয়ে রাজনীতি চলবে না।’

এই মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়।


এ বিষয়ে জানতে চাইলে মো. আকবর হোসাইন বলেন, তিনি আওয়ামী লীগের পুনর্বাসনের কথা বলেননি। তাঁর বক্তব্যের ব্যাখ্যায় তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং বিএনপি কোনো দলের রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে নয়।


আকবর হোসাইন আরও বলেন, দেশের রাজনীতিতে একটি শক্তিশালী বিরোধী দলের প্রয়োজন রয়েছে। তাঁর পোস্টের মূল বক্তব্য ছিল—বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপির বাইরে যারা রাজনীতি করছে, তারা সেই ভূমিকা কার্যকরভাবে পালন করতে পারছে না। সে ক্ষেত্রে আওয়ামী লীগের মতো একটি শক্তিশালী বিরোধী দলের প্রয়োজনীয়তার কথা তিনি ইঙ্গিত করেছেন।


তিনি জানান, আওয়ামী লীগ আমলে যাঁরা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন, তাঁদের বিচার হওয়া প্রয়োজন। তবে একই সঙ্গে বৃহৎ একটি জনগোষ্ঠীর রাজনৈতিক অংশগ্রহণের বিষয়টিও বিবেচনায় রাখা উচিত—এই বার্তাই তিনি দিতে চেয়েছেন।


এ বিষয়ে সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, আকবর হোসাইনের ফেসবুক পোস্ট সম্পর্কে তিনি অবগত নন। বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান তিনি।

ডি আর ডি

মন্তব্য করুন: