সিলেটের তিনটি আসনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা

বাকি আসনে আলোচনা অব্যাহত

সিলেটের তিনটি আসনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা

প্রথম সিলেট প্রতিবেদন

২২/১২/২০২৫ ২২:২৩:২১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট জেলার ছয়টি আসনের মধ্যে তিনটিতে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি। সোমবার দলটির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট প্রার্থীদের হাতে মনোনয়নের চিঠি তুলে দেওয়া হয়।


দলীয় সূত্র জানায়, ঘোষিত প্রার্থীরা হলেন—সিলেট-১ আসনে সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য মকসুদ ইবনে আজিজ লামা,সিলেট-৩ আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক এবং সিলেট-৪ আসনে জেলা ছাত্রসমাজের সাবেক সভাপতি ও জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান ডালিম।


জাতীয় পার্টির নেতারা বলছেন, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সাংগঠনিক অভিজ্ঞতা, নির্বাচনী সম্ভাবনা এবং স্থানীয় পর্যায়ে গ্রহণযোগ্যতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। ঘোষিত প্রার্থীদের মধ্যে কেউ কেউ আগে সংসদ সদস্য ছিলেন, আবার কেউ দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয়।


দলীয় সূত্রে আরও জানা গেছে, সিলেট-২, সিলেট-৫ ও সিলেট-৬ আসনে সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে এখনো আলোচনা চলছে। এসব আসনে একাধিক আগ্রহী প্রার্থী থাকায় যাচাই-বাছাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।


রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সিলেটে জাতীয় পার্টি এবার নির্বাচনী মাঠে নিজেদের অবস্থান শক্ত করার কৌশল নিয়েছে। প্রার্থী ঘোষণার মাধ্যমে দলটি কর্মী–সমর্থকদের মধ্যে নির্বাচনী প্রস্তুতি জোরদার করতে চায়।


জাতীয় পার্টির জেলা পর্যায়ের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পর্যায়ক্রমে সব আসনের প্রার্থী ঘোষণা করা হবে। নির্বাচনের পরিবেশ ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দল এগোচ্ছে।

ডি আর ডি

মন্তব্য করুন: