হবিগঞ্জে ওএমএসের ৫৮ বস্তা চাল পাচারের সময় ইজিবাইকচালক গ্রেফতার
হবিগঞ্জে নিম্ন আয়ের মানুষের জন্য খোলাবাজারে বিক্রির সরকারি ৫৮ বস্তা চাল কালোবাজারে পাচারের সময় তিন ইজিবাইক চালককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চাল কেনা ব্যবসায়ী ও ওএমএস ডিলার হেলিম মিয়া পালিয়ে গেছেন। এ ঘটনায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় শহরের আনোয়ারপুর পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে চালবোঝাই তিনটি ইজিবাইকসহ চালকদের আটক করা হয়।
গ্রেফতাররা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার কালনী গ্রামের হাজী সবুজ মিয়ার ছেলে ইমন মিয়া, ইউসুফ আলীর ছেলে আল আমিন মিয়া এবং ছোটবহুলা গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে ইব্রাহিম মিয়া। পালিয়ে যাওয়া হেলিম মিয়াও একই এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সরকারি চাল পাচারের খবর পেয়ে শহরের আনোয়ারপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চালের মালিক হেলিম মিয়া পালিয়ে গেলেও তিন ইজিবাইক চালককে আটক করা হয়। পরে রাতে জিজ্ঞাসাবাদ শেষে তাদের গ্রেফতার দেখানো হয়।
এসআই হাবিবুর রহমান জানান, চাল ব্যবসায়ী ও ডিলার হেলিম মিয়ার কাছ থেকে ৩০ কেজি ওজনের ৫৮ বস্তা, অর্থাৎ ১ হাজার ৭৪০ কেজি চাল কিনে কালোবাজারে পাচার করা হচ্ছিল। অভিযান টের পেয়ে হেলিম মিয়া পালিয়ে যান। তাকে গ্রেফতার করা গেলে চাল পাচারের সঙ্গে জড়িত ডিলারকেও শনাক্ত করা সম্ভব হবে।
জানা যায়, নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খোলাবাজারে বিক্রয় (ওএমএস) কর্মসূচির আওতায় ৩০ টাকা কেজি দরে গত অর্থবছরে হবিগঞ্জ জেলায় ২ হাজার ৮১৭ দশমিক ৩৮৫ মেট্রিক টন চাল বিক্রি হয়। তবে চলতি বছরের প্রথম পাঁচ মাসে বিক্রি হয়েছে মাত্র ১ হাজার ৬৭ দশমিক ৮৮০ টন।
হবিগঞ্জ পৌরসভার নয়জন ডিলারের দোকানে প্রতিদিন কয়েকশ মানুষ চাল কিনতে আসেন। একজন ডিলারের দোকানে প্রতিদিন তিন থেকে ৪০০ মানুষ এলেও চাল পান মাত্র ২০০ জন। বাকিদের খালি হাতে ফিরতে হয়। অন্যদিকে জেলার নয়টি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ওএমএসের পণ্য বিক্রি বন্ধ থাকায় প্রত্যন্ত গ্রাম, হাওর ও পাহাড়ি এলাকার স্বল্প আয়ের মানুষ বিপাকে পড়েছেন। জেলার প্রায় ২৪ লাখ মানুষের খাদ্যনিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: