তদন্তে যুক্ত হলেন ভারপ্রাপ্ত কানুনগো
শাহপরান (রহ.) মাজারের দানবাক্স ও ব্যাংক হিসাব নিরীক্ষায় অফিস আদেশ জারি
সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেট (ইসি নং-১৩৬৫১)-এর মোতাওয়াল্লীর বিরুদ্ধে অনুদান আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ তদন্তে নতুন গতি এসেছে। ইসলামিক ফাউন্ডেশনের চিঠির প্রেক্ষিতে তদন্ত কাজে সহযোগিতার জন্য সদর উপজেলা ভূমি অফিসের একজন কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করে অফিস আদেশ জারি করেছে সিলেটের জেলা প্রশাসন। এদিকে, দ্রুত সরেজমিন তদন্ত শুরুর দাবিতে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় অভিযোগকারীরা।
দাপ্তরিক নথিপত্র সূত্রে জানা গেছে, হযরত শাহপরান (রহ.) ওয়াকফ এস্টেটের বর্তমান মোতাওয়াল্লী সৈয়দ মামুনুর রশিদের বিরুদ্ধে অনিয়ম, অবৈধভাবে মাজারের অনুদান আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তদন্ত চলছে। বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের নির্দেশে ইসলামিক ফাউন্ডেশন, সিলেট বিভাগীয় কার্যালয় এই তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় গত ১৯ শে অক্টোবর ইসলামিক ফাউন্ডেশন, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ড. সৈয়দ শাহ এমরান সিলেটের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরাবর একটি পত্র (স্মারক নং- ২৫২) দেন। ওই পত্রে অভিযোগকারীদের দাখিলকৃত ওয়াকফ সম্পত্তি ও ভূমি সংক্রান্ত অভিযোগ যাচাই, মামলার রায় পর্যালোচনা এবং আয়-ব্যয়, ব্যাংক হিসাব ও দানবাক্সের অর্থ নিরীক্ষার স্বার্থে প্রশাসনের উপযুক্ত দুজন কর্মকর্তাকে তদন্ত কাজে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানানো হয়।
ইসলামিক ফাউন্ডেশনের চিঠির প্রেক্ষিতে গত ৫ই নভেম্বর সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় (রাজস্ব শাখা) থেকে একটি অফিস আদেশ (স্মারক নং- ২৫৪০) জারি করা হয়। রেভিনিউ ডেপুটি কালেক্টর কিশোর কুমার পাল স্বাক্ষরিত ওই আদেশে সুষ্ঠু তদন্তের স্বার্থে ইসলামিক ফাউন্ডেশন, সিলেটের পরিচালকের সাথে সিলেট সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার (ভারপ্রাপ্ত কানুনগো) মো. নাজমুল হককে নির্দেশক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে।
অন্যদিকে, চলমান তদন্তের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে এবং দ্রুত সরেজমিন তদন্ত শুরুর দাবিতে গত ১১ই নভেম্বর সিলেটের জেলা প্রশাসক বরাবর আরেকটি লিখিত আবেদন (ডকেট নং- ১০২) দাখিল করেছেন স্থানীয় বাসিন্দা মো. আলমগীর ও মো. আমিরুল ইসলাম।
আবেদনে বলা হয়েছে, গত ৩০শে সেপ্টেম্বর অনুষ্ঠিত শুনানিতে অভিযোগকারীদের পক্ষ থেকে মাজারের জমি দখল, কবরস্থান ও আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত প্রায় ৩২৬ পৃষ্ঠার তথ্য-প্রমাণ ও দলিলাদি দাখিল করা হয়েছে। কিন্তু শুনানি সম্পন্ন হলেও এখনো সরেজমিন তদন্ত শুরু হয়নি।
লিখিত আবেদনে ওয়াকফ এস্টেটের জমি, স্থাপনা, কবরস্থান ও মাজার-সংলগ্ন সম্পত্তির সীমানা, দখল এবং আয়-ব্যয়ের হিসাব যাচাইয়ের জন্য কোনো প্রকার বিলম্ব ছাড়াই দ্রুত সরেজমিন তদন্ত শুরুর দাবি জানানো হয়। পাশাপাশি সরেজমিন তদন্তের সম্ভাব্য তারিখ ও সময়সূচি সংশ্লিষ্ট পক্ষগুলোকে আগেভাগে অবহিত করা, ১৯৭৭ সালের অনুমোদিত কমিটির সার্টিফাইড কপি এবং ২০২০ সালের ৪ঠা সেপ্টেম্বর ইসলামিক ফাউন্ডেশনের দাখিলকৃত পূর্ববর্তী তদন্ত প্রতিবেদন বর্তমান তদন্তের সাথে সমন্বয় করে পর্যালোচনার অনুরোধ জানানো হয়েছে।
নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: