সুনামগঞ্জে টিটো মুন্সীর একক আবৃত্তি সন্ধ্যায় আবেগের স্রোত
কবিতা, কণ্ঠস্বর আর আবেগের মেলবন্ধনে সুনামগঞ্জে অনুষ্ঠিত হলো দেশের স্বনামধন্য আবৃত্তি শিল্পী টিটো মুন্সীর একক আবৃত্তি সন্ধ্যা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে আয়োজিত এ সন্ধ্যায় শ্রোতাদের মাঝে নেমে আসে পিনপতন নীরবতা; প্রতিটি পঙ্ক্তিতে ছড়ায় অন্যরকম অনুভূতি ও মুগ্ধতার উচ্ছ্বাস।
জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এবং কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেলের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুমনা তালুকদার রিম্পী। আবৃত্তির পাশাপাশি অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে উপস্থিত অতিথি ও শিল্পীরা নিজেদের অনুভূতি প্রকাশ করেন।
এ সময় অনুভূতি প্রকাশ করেন শিক্ষাবিদ অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, কবি ও আইনজীবী রোকেশ লেইস, কবি ও লেখক সুখেন্দু সেন, কবি কুমার সৌরভ, কবি ও সাংবাদিক অধ্যক্ষ শেরগুল আহমেদ, প্রভাষক চিত্তরঞ্জন তালুকদার, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু, জাসাস সদস্য সচিব মোনাজ্জির হোসেন সুজন, সাংবাদিক খলিল রহমান এবং জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল। অনুষ্ঠানে টিটো মুন্সীর সহধর্মিনী গায়িকা শিল্পী আক্তারও উপস্থিত ছিলেন।
আবেগঘন কণ্ঠে নিজের অনুভূতি জানাতে গিয়ে টিটো মুন্সী বলেন, ‘সুনামগঞ্জের মাটি ধন্য। এই মাটি মরমী কবি হাসন রাজা, বৈষ্ণব কবি রাধারমণ দত্ত, বাউল সম্রাট শাহ আব্দুল করিম ও দুরবীন শাহসহ অসংখ্য গুণী ব্যক্তির জন্মস্থান। এটি স্রষ্টার এক অনন্য অবদান যে তিনি সকল গুণীজনকে একই এলাকায় পাঠিয়েছেন। এই মাটি শিল্প-সংস্কৃতির উর্বর স্থান।’
আবেগের সুরে তিনি আরও যোগ করেন, ‘আমি এখানে বারবার আসতে চাই। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভুল করে হলেও একবার এখানে এলে বারবার আসতেন।’
আবৃত্তির প্রতিটি মুহূর্তে মিলনায়তনজুড়ে দর্শক-শ্রোতাদের নিবিড় মনোযোগ ও আবেগঘন প্রতিক্রিয়া অনুষ্ঠানটিকে ভিন্ন মাত্রা দেয়।
লতিফুর রহমান রাজু/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: