হবিগঞ্জে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার,অপহরণকারী গ্রেফতার

হবিগঞ্জে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার,অপহরণকারী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

২১/১১/২০২৫ ১৪:৪৬:৪৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

র‌্যাবের অভিযানে হবিগঞ্জ জেলার বাহুবলের ১০ম শ্রেণির এক ছাত্রী অপহরণের ঘটনায় অভিযুক্ত মোঃ জাকারিয়া আহমদ গ্রেফতার হয়েছে। উদ্ধার করা হয়েছে অপহৃত স্কুলছাত্রীকে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিবাগত মধ্যরাতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।


এর আগে সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর রেলগেট এলাকায় অভিযান পরিচালনা করে।


এ অভিযানে বাহুবল থানায় দায়ের করা মামলার আসামি ও অপহরণের মূলহোতা মো. জাকারিয়া আহমদ (২০) গ্রেফতার হয়। তিনি জেলার বাহুবল উপজেলার দারিপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে। উদ্ধার করা হয় স্কুলছাত্রীকে। পরে তাদেরকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়।


মামলার বরাত দিয়ে র‌্যাব জানায়, অপহৃত ছাত্রী বাহুবল থানার বাসিন্দা ও ১০ম শ্রেণির শিক্ষার্থী। স্কুলে আসা-যাওয়ার পথে অশালীন কথাবার্তা বলে উত্ত্যক্ত করত জাকারিয়া। একপর্যায়ে সে প্রেমের প্রস্তাব দেয়। প্রস্তাব প্রত্যাখ্যান করলে স্কুলছাত্রীকে অপহরণের পরিকল্পনা করে।


২২ সেপ্টেম্বর বিকেলে স্কুল শেষে বাড়ি যাওয়ার জন্য পায়ে হেঁটে সিএনজি স্টেশনে যাওয়ার পথে বাহুবলের হামিদনগর রাস্তার মুখে পৌঁছামাত্রই ওঁত পেতে থাকা জাকারিয়া ও তার সহযোগীরা স্কুলছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে সিএনজিতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে বাহুবল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে র‌্যাব অভিযান চালিয়ে অপহরণকারীকে গ্রেফতার করে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে।


মীর্জা ইকবাল

মন্তব্য করুন: