সিলেট সীমান্তে আটক বিএসএফ সদস্যকে ৭ ঘন্টা পর পতাকা বৈঠকে হস্তান্তর
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে হাঙ্গামা সৃষ্টির অভিযোগে দুটি অস্ত্রসহ আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৭টার দিকে বিছনাকান্দি সীমান্তের ১২৬৩ নম্বর পিলারসংলগ্ন জিরো লাইনে বিজিবি ও বিএসএফের অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠক শেষে তাঁকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নূর উদ্দিন আহমেদ প্রথম সিলেটকে জানান, পতাকা বৈঠক শেষে ওই বিএসএফ সদস্যকে সোপর্দ করা হয়েছে।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে গোয়াইনঘাটের বিছনাকান্দি পর্যটন এলাকায় বাংলাদেশের প্রায় ২০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন ওই বিএসএফ সদস্য। এ সময় তিনি বিছনাকান্দি পর্যটন স্পটের একটি দোকানে গিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে তর্কে জড়ান, অশ্লীল ভাষায় গালাগাল করেন এবং দোকানে ভাঙচুর চালান।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয় এবং দুটি অস্ত্রসহ ওই বিএসএফ সদস্যকে আটক করে নিজেদের হেফাজতে নেয়।
এদিকে বিজিবির হেফাজতে প্রায় সাত ঘণ্টা রাখার পর উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকের সিদ্ধান্ত হয়। পরে রাত ৭টায় জিরো লাইনে অনুষ্ঠিত বৈঠকে তাঁকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় প্রশাসন ও বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পরপরই সীমান্তে অতিরিক্ত সতর্কতা নেওয়া হলেও বর্তমানে বিছনাকান্দি এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: