সুনামগঞ্জে বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ১০

সুনামগঞ্জে বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ১০

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১৯/০৯/২০২৫ ১৭:৫৩:৫৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিএনপির ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে সেজাউল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সেজাউল ইসলাম ওই গ্রামের মুজিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জামালগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার ও বর্তমান ইউপি সদস্য কামরুল ইসলামের অনুসারীদের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব চলছিল। পূর্বের কমিটি নিয়ে বিরোধ এবং নেতৃত্বের টানাপোড়েন থেকেই সংঘর্ষের সূত্রপাত ঘটে। সংঘর্ষে গুরুতর আহতদের মধ্যে রয়েছেন—শুভ হাসান (২৫), মজিদ হোসেন (৩৫) ও তানিম (২২)। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে অন্তত তিনজনের অবস্থা আশঙ্কাজনক।


জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “ওয়ার্ড বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করেই এ সংঘর্ষ ঘটে। এতে একজন নিহত ও প্রায় ১০ জন আহত হয়েছেন।” তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে শাখাওয়াত হোসেন (৩৫), নূর আলম (৩৪), ইমার হোসেন (৩৭) ও মোহাম্মদ আলী (৪০) নামে চারজনকে আটক করা হয়েছে।

বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এ রহমান

মন্তব্য করুন: