হাওর রক্ষার ডাক, সুনামগঞ্জে নতুন নেতৃত্বে হাওর বাঁচাও আন্দোলন

হাওর রক্ষার ডাক, সুনামগঞ্জে নতুন নেতৃত্বে হাওর বাঁচাও আন্দোলন

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৬/১১/২০২৬ ১৫:০২:৩৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কারকাজে অনিয়ম, অবহেলা এবং কৃষকদের সঙ্গে অবহেলাপূর্ণ আচরণের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান নিয়ে সুনামগঞ্জে হাওর বাঁচাও আন্দোলনের সদর উপজেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আসন্ন বোরো মৌসুমে হাওরের ফসল রক্ষায় বাঁধের কাজ যথাসময়ে শুরু ও শেষ করা, নির্মাণকাজের মান নিশ্চিত করা এবং প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার দাবি উঠে এসেছে সম্মেলনে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সামনে থেকে একটি র‍্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পাঠাগারের মিলনায়তনে এ সম্মেলন  অনুষ্ঠিত হয়। ‘ফসল রক্ষা বাঁধে অনিয়ম, কাজে অবহেলা, কৃষকদের নিয়ে আর কত খেলা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সম্মেলনে সংগঠনের নেতাকর্মীরা হাওরাঞ্চলের কৃষি ও কৃষকের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর গুরুত্ব দেন।

হাওর বাঁচাও আন্দোলনের সদর উপজেলা কমিটির সভাপতি শহিদনূর আহমেদের সভাপতিত্বে এবং জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আবু সঈদের সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধকের বক্তব্য দেন জেলা কমিটির সভাপতি মো. ইয়াকুব বখত বাহলুল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি সুখেন্দু সেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক একে কুদরত পাশা, জেলা কমিটির সহসভাপতি মো. মোরশেদ আলম ও মো. আলীনূর মিয়া এবং দপ্তর সম্পাদক আনোয়ারুল হক। এ ছাড়া বক্তব্য দেন সংগঠনের সদস্য আদিল আরমান, হুমায়ুন কবীর ও মোসাদ্দেক হোসেন বাবলু।

সম্মেলনের প্রতিপাদ্যে হাওরের ফসল রক্ষা বাঁধের অনিয়ম ও কাজে অবহেলার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়। বক্তারা হাওরের বোরো ফসলকে কৃষকের জীবন-জীবিকার প্রধান অবলম্বন হিসেবে উল্লেখ করে বাঁধ নির্মাণ ও সংস্কারকাজে দায়িত্বশীলতা নিশ্চিত করার আহ্বান জানান। তাঁদের মতে, বাঁধের কাজে পরিকল্পনা, সময়ানুবর্তিতা ও গুণগত মানের ঘাটতি থাকলে অকাল বন্যায় কৃষকের সারা বছরের পরিশ্রম ও বিনিয়োগ হুমকির মুখে পড়তে পারে। তাই প্রকল্প গ্রহণ থেকে বাস্তবায়ন পর্যন্ত প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা, তদারকি ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

সম্মেলনে সংগঠনের সদর উপজেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে মো. আব্দুল লতিফ ময়নাকে সভাপতি এবং মোসাদ্দেক হোসেন বাবলুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সিনিয়র সহসভাপতি মো. মমিন মিয়া, সহসভাপতি কামরুল ইসলাম, আব্দুল আওয়াল, সাদ্দক আলী ও আল আমিন, যুগ্ম সম্পাদক রেদুয়ান আলী, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, মো. আবুল হোসেন ও শফিক মিয়া, দপ্তর সম্পাদক সৈয়দ ফরিদুজ্জামান জায়েদ, প্রচার সম্পাদক আবজল মিয়া, কোষাধ্যক্ষ করুণা সিন্ধু দাস, বাঁধবিষয়ক সম্পাদক আলম মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক কামাল তালুকদার এবং আইনবিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ।

কমিটির সদস্যরা হলেন মো. চান মিয়া, রমজান আলী, অরুণ দাস, জাফর আলী, শাহাব উদ্দিন, কামাল উদ্দিন, আব্দুল আলিম, সাইফুল ইসলাম, আলী আজগর, মহরম মিয়া, আবদাল মিয়া, মনোয়ার হোসেন, এখলাছুর রহমান ও ফরিদ মিয়া।


প্রীতম দাস/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad