বাবার শেষ ইচ্ছা পূরণে ঢাকঢোল বাজিয়ে দাফনের প্রস্তুতি

এলাকায় তোলপাড়!

বাবার শেষ ইচ্ছা পূরণে ঢাকঢোল বাজিয়ে দাফনের প্রস্তুতি

প্রথম ডেস্ক

০৮/০৬/২০২৬ ১৪:৫১:১৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৃত্যুর পর কান্নাকাটি বা শোকের মাতম নয়, বরং ঢাকঢোলের তালে নেচে-গেয়ে শেষ বিদায় জানানো হবে—এমনই এক অদ্ভুত ও অবিশ্বাস্য ওসিয়ত (ইচ্ছা) করে গিয়েছিলেন শতবর্ষী এক বৃদ্ধ। আর বাবার সেই শেষ ইচ্ছা পূরণ করতে গিয়ে এলাহী কাণ্ড ঘটিয়ে বসেছেন ছেলেরা! ইসলামি শরিয়াহর নিয়ম ভেঙে দাফনের আগে উৎসবমুখর পরিবেশে ঢাকঢোল ও বাদ্যযন্ত্র বাজানোর এই ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ও তোলপাড় সৃষ্টি হয়েছে।


রবিবার ৭ জুন কিশোরগঞ্জের কটিয়াদী পৌর এলাকার পূর্ব কাহেতেরটেকী মহল্লায় এই নজিরবিহীন ঘটনাটি ঘটে।


পারিবারিক সূত্রে জানা গেছে, পূর্ব কাহেতেরটেকী মহল্লার বাসিন্দা প্রয়াত শামসুদ্দিন (১০০) নেত্রকোনার এক পীরের অনুসারী ছিলেন। জীবদ্দশায় তিনি ছেলেদের ওসিয়ত করে যান, তার মৃত্যুর পর যেন কোনো শোক প্রকাশ না করে আনন্দ-উৎসবের মাধ্যমে, ঢাকঢোল বাজিয়ে তাকে দাফন করা হয়। বাবার মৃত্যুর পর তার দুই ছেলে খাইরুল ইসলাম ও নাজিমুদ্দিন সেই ইচ্ছা অক্ষরে অক্ষরে পালন করার সিদ্ধান্ত নেন।


বাবার ওসিয়ত অনুযায়ী, দাফনের প্রস্তুতির সময় বাড়িতে পেশাদার ঢোল ও বাঁশি বাদক নিয়ে আসা হয়। শুরু হয় ধুমধাম শব্দে ঢাকঢোল বাজানো। ধর্মীয় রীতিনীতির বাইরে গিয়ে দাফনের আগে এমন উৎসবমুখর পরিবেশ তৈরির খবর মুহূর্তে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। এমন অদ্ভুত ও শরিয়াহ-বিরোধী কর্মকাণ্ড দেখে স্থানীয় ধর্মপ্রাণ মানুষ এবং আলেম সমাজের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়।


পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় আলেম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। তারা মৃতের সন্তানদের ডেকে ইসলামের সঠিক নিয়ম ও পবিত্রতা সম্পর্কে বোঝানোর চেষ্টা করেন। ইসলামের বিধান অনুযায়ী মৃত্যুর পর বাদ্যযন্ত্র বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ—কোরআন ও হাদিসের আলোকে এই দিকনির্দেশনা দেওয়ার পর ভুল বুঝতে পারেন ছেলেরা।


পরবর্তীতে উপস্থিত সবার হস্তক্ষেপে ঢোল-বাদ্য বাজানো বন্ধ করা হয় এবং ইসলামি শরিয়াহ অনুযায়ী সঠিক ধর্মীয় নিয়ম মেনে জানাজা শেষে শামসুদ্দিনের দাফন সম্পন্ন করা হয়।

বাবার ওসিয়ত পূরণের এই ব্যতিক্রমী ও অদ্ভুত চেষ্টা এখন পুরো কটিয়াদী উপজেলার মানুষের মুখে মুখে ঘুরছে।

তানজুমা তাবাসসুম

মন্তব্য করুন: