হবিগঞ্জে অনুমতি ছাড়া বাণিজ্য মেলা: প্রশাসনের অভিযান
হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে প্রশাসনের অনুমতি ছাড়া কুটির শিল্প ও বাণিজ্য মেলার আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। মাঠে শতাধিক স্টল স্থাপন করে পণ্যসামগ্রী নিয়ে আসেন ব্যবসায়ীরা। আগামীকাল ১ নভেম্বর মেলার উদ্বোধনের ঘোষণাও দেওয়া হয়। শেষ পর্যন্ত উপজেলা প্রশাসনের অভিযানে পণ্ড হয়ে যায় মেলার সব আয়োজন।
এ সময় অনুমতি ছাড়া দোকান বসানোর দায়ে ১৩ ব্যবসায়ীকে মোট ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়ীদ মোহাম্মদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এতে সহযোগিতা করে বাহুবল মডেল থানা-পুলিশ।
উপজেলা প্রশাসন জানায়, এক মাস ধরে মিরপুরের একটি মাঠে কুটির শিল্প ও বাণিজ্য মেলা আয়োজনের প্রস্তুতি চলছিল। গত ১৬ অক্টোবর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মেলার অনুমতি দেওয়া হয়নি বলে জানানো হয়। এর পরও আয়োজক কমিটি আগামী ১ নভেম্বর মেলার উদ্বোধনের ঘোষণা দেয়। এরই মধ্যে মাঠে শতাধিক স্টল স্থাপন করা হয় এবং বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী নিয়ে আসেন ব্যবসায়ীরা।
অনুমতি ছাড়া মেলার প্রস্তুতি ও দোকানপাট বসানোর খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ১২ জন ব্যবসায়ীকে এক হাজার করে মোট ১২ হাজার টাকা এবং এক নারী ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দোকানগুলো সরিয়ে দিয়ে মেলা পণ্ড করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) সায়ীদ মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেন।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: