সুনামগঞ্জে গ্রাহকদের ৬ কোটি টাকা নিয়ে সমবায় সমিতি হাওয়া

সুনামগঞ্জে গ্রাহকদের ৬ কোটি টাকা নিয়ে সমবায় সমিতি হাওয়া

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১৯/০৪/২০২৬ ২৩:৪০:১১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ‘মধ্যনগর রূপসী বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড’ নামক একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা গ্রাহকদের প্রায় ৬ কোটি টাকা আত্মসাৎ করে উধাও হয়ে গেছেন। অস্বাভাবিক উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে পাঁচশতাধিক সাধারণ মানুষের সারা জীবনের সঞ্চয় হাতিয়ে নিয়ে গত দুই মাস ধরে প্রতিষ্ঠানটির মালিকপক্ষ আত্মগোপনে রয়েছে। আজ রবিবার (১৯ এপ্রিল) বিকেলে প্রতারিত গ্রাহকরা মধ্যনগর বাজারে মানববন্ধন করে তাঁদের জমানো অর্থ উদ্ধার ও প্রতারকদের গ্রেপ্তারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২২ সালে জেলা সমবায় অফিস থেকে নিবন্ধন নিয়ে মধ্যনগর বাজারে কার্যক্রম শুরু করে এই সমিতি। এর নেপথ্যে ছিলেন নেত্রকোনার রফিকুল ইসলাম এবং মধ্যনগরের স্থানীয় বাসিন্দা অমিয় ভূষণ কর (মন্টু)। শুরুতে বিশ্বস্ততা অর্জনের পর তাঁরা বড় অঙ্কের ডিপিএস ও সঞ্চয় সংগ্রহ করতে থাকেন। ভুক্তভোগীদের মধ্যে সেলুনকর্মী শক্তি ঋষি ৯ লাখ, ব্যবসায়ী জসিম উদ্দিন ১২ লাখ, জুয়েল রায় ২৭ লাখ এবং কবি আকিকুর রহমান ১০ লাখ টাকা হারিয়ে এখন নিঃস্ব। লাকী তালুকদার নামে এক গ্রাহক অভিযোগ করেন, বোনের বিয়ের জন্য জমানো ২ লাখ টাকা ফেরত চাইলে উল্টো রফিকের হুমকির শিকার হতে হয়েছে তাঁকে।

মধ্যনগর বাজার বণিক সমিতির সভাপতি মো. আবুল বাশার জানান, এলাকার বহু খেটে খাওয়া মানুষ এই প্রতারণার শিকার হয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, ‘পল্লীবন্ধু’ নামে আরেকটি এনজিও একই এলাকায় গ্রাহকদের টাকা ফেরত না দিয়ে হয়রানি করছে। এ বিষয়ে মধ্যনগর সমবায় কর্মকর্তা মো. শামছুল ইসলাম জানান, সঠিকভাবে কার্যক্রম পরিচালনা না করায় ২০২৫ সালের নভেম্বর মাসেই সমিতিটির নিবন্ধন বাতিল করা হয়েছিল। এরপর তাঁরা অবৈধভাবে গোপনে কার্যক্রম চালালেও সমবায় অফিসের কাছে কোনো তথ্য ছিল না। বর্তমানে প্রতারিত গ্রাহকরা তাঁদের অর্থ ফিরে পেতে দ্বারে দ্বারে ঘুরছেন।


এ রহমান

মন্তব্য করুন: