নবীগঞ্জে বেকারিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির দাবি

নবীগঞ্জে বেকারিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি., নবীগঞ্জ

৩০/০৩/২০২৬ ০৯:৪৬:১৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গোপলার বাজারে একটি বেকারিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৮ লক্ষ টাকার মালামাল ও আসবাবপত্র ভস্মীভূত হয়েছে। শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে বাজারের ‘মামা-ভাগিনা বি-বাড়িয়া বেকারি’তে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গভীর রাতে বেকারির ভেতর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা দেখে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা নিজস্ব উদ্যোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান।

খবর পেয়ে বাহুবল ও নবীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয় জনতা ও পুলিশের সম্মিলিত প্রচেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে বেকারির ভেতরের মূল্যবান সরঞ্জাম ও মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বেকারির মালিকপক্ষ দাবি করেছে, এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৮ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। তবে আগুনের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

বাহুবল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এনামুল হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে তদন্ত চলছে বলে জানিয়েছেন।

এ রহমান

মন্তব্য করুন: