তদন্তে পুলিশ
মৌলভীবাজার থেকে ওড়ানো যুবদলের গ্যাস বেলুনসহ শুভেচ্ছা ব্যানার মিললো আসামে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার থেকে ওড়ানো গ্যাস বেলুনের সঙ্গে থাকা শুভেচ্ছা ব্যানার পাওয়া গেছে ভারতের আসাম রাজ্যে। সীমান্ত পেরিয়ে কয়েক শ কিলোমিটার দূরে একটি ধানক্ষেতে ব্যানারটি পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ব্যানার ও বেলুনগুলো উদ্ধার করেছে ভারতীয় পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) সকালে আসামের লখিমপুর জেলার নারায়ণপুর থানাধীন লেতেকুজান গ্রামের একটি ধানক্ষেতে বেলুন ও ব্যানারটি পড়ে থাকতে দেখে এক বালক। পরে বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। খবর পেয়ে ঢালপুর পুলিশ ফাঁড়ির একটি দল সেখানে গিয়ে ব্যানার ও বেলুনগুলো নিজেদের হেফাজতে নেয়।
উদ্ধার হওয়া ব্যানারে মৌলভীবাজার জেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বার্তা এবং স্থানীয় নেতাদের নাম লেখা রয়েছে। ধারণা করা হচ্ছে, বাতাসের গতিবেগ ও আবহাওয়াজনিত কারণে বেলুনগুলো উড়ে গিয়ে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতের লখিমপুর এলাকায় পৌঁছায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে মৌলভীবাজারে বেলুন ওড়ানোর একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যানারটির উৎস সম্পর্কে ধারণা পাওয়া গেছে। ভিডিওর সঙ্গে আসামে পাওয়া ব্যানারের মিল থাকায় ঘটনাটি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
এদিকে, বাংলাদেশের একটি রাজনৈতিক সংগঠনের শুভেচ্ছা ব্যানার কীভাবে সীমান্ত পেরিয়ে ভারতের এত দূরের একটি এলাকায় পৌঁছাল, তা খতিয়ে দেখছে আসাম পুলিশ। এ ঘটনায় আনুষ্ঠানিক অনুসন্ধান ও তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।
নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: