ক্ষমতার অপব্যবহার করলে ছাড় নয়, নবীন কর্মকর্তাদের স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষমতার অপব্যবহার করলে ছাড় নয়, নবীন কর্মকর্তাদের স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম ডেস্ক

০১/১১/২০২৬ ১৭:১১:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখার পাশাপাশি কোনো অবস্থাতেই ক্ষমতার অপব্যবহার না করার বিষয়ে নবীন পুলিশ ও আনসার কর্মকর্তাদের সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ৪৫তম বিসিএস (পুলিশ) ও বিসিএস (আনসার) ক্যাডারে নবযোগদান করা কর্মকর্তাদের ব্রিফিং ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সতর্কবার্তা দেন।

নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কর্মকর্তাদের ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে, তবে তা যেন কোনোভাবেই কর্মজীবনে প্রতিফলিত না হয়।

তিনি বলেন, সুপিরিয়র সার্ভিসে তাঁদের প্রধান দায়িত্ব হলো রাষ্ট্রের আইনশৃঙ্খলা সমুন্নত রাখা এবং দেশের সব কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার অনুকূল পরিবেশ নিশ্চিত করা। প্রশাসন, উন্নয়ন, সমাজের সামগ্রিক নিরাপত্তা ও জনগণের স্বস্তি অনেকাংশে তাঁদের কার্যক্রমের ওপর নির্ভর করে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, চাকরিজীবনে সব সময় শৃঙ্খলা ও সার্ভিস রুলস মেনে চলতে হবে। পাশাপাশি জ্যেষ্ঠ কর্মকর্তাদের আইনানুগ নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করতে হবে।

পুলিশ ও আনসার ক্যাডারের দায়িত্বের চ্যালেঞ্জ তুলে ধরে তিনি বলেন, অন্যান্য ক্যাডার সার্ভিসের তুলনায় এ দুটি সার্ভিস সম্পূর্ণ আলাদা। অত্যন্ত সংঘাতপূর্ণ ও চ্যালেঞ্জিং পরিবেশে তাঁদের কাজ করতে হয়। অনেক ক্ষেত্রে মুহূর্তের মধ্যে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। এ জন্য বুদ্ধিমত্তা, পেশাদারত্ব ও উপস্থিত বুদ্ধি অত্যন্ত জরুরি।

আইন প্রয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও বিচক্ষণতা প্রদর্শনের আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী নবীন কর্মকর্তাদের দায়িত্ব পালনে পেশাদারত্ব বজায় রাখার নির্দেশ দেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইজিপি (ইনচার্জ) ও অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

উল্লেখ্য, ৪৫তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে ৮০ জন এবং আনসার ক্যাডারে ২৫ জন কর্মকর্তা সুপারিশপ্রাপ্ত হন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর রোববার (১ নভেম্বর) পূর্বাহ্নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ ক্যাডারের ৬৫ জন এবং আনসার ক্যাডারের ১৯ জন কর্মকর্তা যোগদান করেন।


পূজা বাড়াইক/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad