দোয়ারাবাজারে গণধর্ষণ মামলার প্রধান আসামি অমল দাস গ্রেফতার
সুনামগঞ্জের দোয়ারাবাজারে এক গৃহবধূকে প্রলোভন দেখিয়ে গণধর্ষণের চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি অমল দাসকে (২৮) গ্রেফতার করেছে র্যাব-৯। শনিবার (২৮ মার্চ) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ। গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (২৭ মার্চ) দুপুর আড়াইটার দিকে সুনামগঞ্জ শহরের মল্লিকপুর নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী পারিবারিক কলহের কারণে গত চার বছর ধরে স্বামীর থেকে আলাদা হয়ে পিতার বাড়িতে বসবাস করছিলেন। গত ১৮ মার্চ সন্ধ্যায় আসামি অমল দাস ওই নারীকে ফোন করে সুনামগঞ্জ শহরের ওয়েজখালী এলাকায় ডেকে আনেন এবং মামার বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে সিএনজিতে তোলেন। পরবর্তীতে দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের বিভিন্ন নির্জন স্থানে নিয়ে বেশ কয়েকজন মিলে রাতভর ওই নারীকে একাধিকবার গণধর্ষণ করে একটি খড়ের ঘরে ফেলে রেখে যায়। পরদিন সকালে অসুস্থ অবস্থায় ভুক্তভোগী সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হন। এই ঘটনায় ওই নারী নিজেই বাদী হয়ে দোয়ারাবাজার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন (মামলা নং-২২, তারিখ-২৫/০৩/২০২৬)। মামলার পর র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং ঘটনার ৭২ ঘণ্টার মধ্যেই প্রধান আসামিকে আইনের আওতায় আনতে সক্ষম হয়। গ্রেফতারকৃত অমল দাসকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলার অন্য আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।
মাসুদ রানা সোহাগ
মন্তব্য করুন: