হবিগঞ্জে অস্ত্রের মহড়ার ভিডিও, আতঙ্কে নগরবাসী

আটক ৭

হবিগঞ্জে অস্ত্রের মহড়ার ভিডিও, আতঙ্কে নগরবাসী

ফয়সল চৌধুরী,হবিগঞ্জ

১৯/০৩/২০২৬ ২১:০৪:০৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জ শহরে ধারালো অস্ত্র হাতে কিশোরদের মহড়ার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। গত দুই সপ্তাহে চার দিনে অন্তত পাঁচবার এ ধরনের ঘটনার তথ্য পাওয়া গেছে।


পুলিশ জানিয়েছে, ভিডিওগুলো ছড়িয়ে পড়ার পর অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়েছে। সর্বশেষ ছড়িয়ে পড়া একটি ভিডিও বাস্তব নাকি সম্পাদিত—তা যাচাইয়ে বিশেষজ্ঞদের সহায়তা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।


সর্বশেষ বুধবার (১৮ মার্চ) রাতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ধারণ করা একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এর পরপরই শহরে উৎকণ্ঠা দেখা দেয়। এর আগে ২৬ ও ২৭ ফেব্রুয়ারি রাজনগর, মহিলা কলেজ এলাকা ও টাউন হল সড়কে কয়েক দফা কিশোরদের অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা যায়। একই ধরনের ঘটনা ঘটে ১৩ মার্চ শহীদ মিনার প্রাঙ্গণেও।


ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, কিশোররা রামদা ও চাপাতির মতো ধারালো অস্ত্র হাতে দৌড়াদৌড়ি করছে। কয়েকজনকে এসব দৃশ্য ধারণ করতে দেখা যায়। কোনো কোনো ভিডিওতে ১০ থেকে ১৫ জন, আবার কোথাও ২০ জনের বেশি কিশোর অংশ নিতে দেখা গেছে।


সুশাসনের জন্য নাগরিক (সুজন) হবিগঞ্জের সভাপতি ও সিনিয়র আইনজীবী ত্রিলাক কান্তি চৌধুরী বলেন, এ ধরনের কর্মকাণ্ড জনমনে ভয় তৈরি করছে এবং এটি আইনবিরোধী। তিনি বিষয়টিতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন।


হবিগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন বলেন, প্রাথমিকভাবে পাওয়া ভিডিওর ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে কয়েকজনকে আটক করা হয়েছে। সর্বশেষ ভিডিওটির সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ডি আর ডি

মন্তব্য করুন: