বাছির জামাল
‘সাংবাদিকদের কল্যাণে নানান উদ্যোগ নিচ্ছে সরকার’
বর্তমান সরকার সাংবাদিক বান্ধব এবং সাংবাদিকদের কল্যাণে আবাসন ও অবসরকালীন ভাতাসহ নানামুখী উদ্যোগ গ্রহণ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল বাছির (বাছির জামাল)।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাছির জামাল বলেন, সাংবাদিকরা অনেক সময় নিয়মিত বেতন না পেলেও কেবল সম্মানের খাতিরে এবং সত্য প্রকাশের নেশায় এই পেশায় নিয়োজিত থাকেন; তাই অসহায়, দুস্থ ও ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের পাশে দাঁড়াতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট নিরন্তর কাজ করে যাচ্ছে।
তিনি দেশের সাংবাদিকতার ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবাদপত্র প্রকাশের পথ সুগম করেছিলেন এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়ার আমলে সাংবাদিকদের জন্য ২২ বিঘা জমিতে আবাসনের ব্যবস্থা করা হয়েছিল, যেখানে তিন শতাধিক সাংবাদিক বর্তমানে বসবাস করছেন।
শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতনের সভাপতিত্বে ও মোহাম্মদ কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এটিএন বাংলার জেলা প্রতিনিধি আব্দুল আলীম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আবু সালেহ মো. নুরুজ্জামান সৈকত, বাংলাদেশ বেতারের শরিফ চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ আহমদ আজাদ, দৈনিক আমার দেশ এর নবীগঞ্জ প্রতিনিধি এটিএম সালাম, বাহুবল প্রতিনিধি সাজিদুর রহমান, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুমন, উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মুহিন শিপন, কালেকণ্ঠের জেলা প্রতিনিধি (মাল্টিমিডিয়া) নাহিদ হোসেন, বাহুবল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাব্বির হোসেন, সাংবাদিক রাজু সরকার, শফিক মিয়া, দেলোয়ার ফারুক তালুকদার ও তোফায়েল আহমেদ মনির প্রমুখ। সভায় বক্তারা স্থানীয় সাংবাদিকদের পেশাগত নানা সমস্যার কথা তুলে ধরেন।
প্রধান অতিথি বাছির জামাল উপস্থিত সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, হবিগঞ্জের সকল যোগ্য ও দুস্থ সাংবাদিকরা যেন পর্যায়ক্রমে কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আর্থিক সহযোগিতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পান, সে বিষয়ে তিনি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। অনুষ্ঠানে বাহুবল, নবীগঞ্জ ও শায়েস্তাগঞ্জের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ রহমান
মন্তব্য করুন: