শায়েস্তাগঞ্জে চোরাই মেহগনি কাঠসহ ট্রাক আটক
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অবৈধভাবে মেহগনি কাঠ পরিবহনের অভিযোগে একটি ট্রাক জব্দ করেছে বন বিভাগ।
বুধবার (১৮ মার্চ) সকাল আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ চেকপোস্টে অভিযান চালিয়ে ট্রাকটি আটক করা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, চোরাই কাঠ পরিবহন রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে একটি সন্দেহজনক ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় ট্রাকটিতে থাকা মেহগনি চিড়াইকাঠ জব্দ করা হয়।
শায়েস্তাগঞ্জ রেঞ্জার ও চেকপোস্ট কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী ‘প্রথম সিলেট’ কে বলেন, অবৈধভাবে মেহগনি কাঠ পাচারের সময় ট্রাকটি আটক করা হয়েছে। জব্দ করা কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা।
তিনি আরও জানান, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বন বিভাগ জানিয়েছে, অবৈধ কাঠ পাচার রোধে অভিযান অব্যাহত থাকবে।
ডি আর ডি
মন্তব্য করুন: