হবিগঞ্জে র্যাবের অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক ৩
হবিগঞ্জের চুনারুঘাটে অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। মঙ্গলবার (১৭ মার্চ) ভোর রাতে উপজেলার আমুবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল আমুবাজার সড়কে অবস্থান নেয়। এ সময় একটি সাদা নোহা মাইক্রোবাসে করে কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছিল। র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়।
আটকরা হলেন—মুক্তার মিয়া (২৯), সাকিব ইসলাম (২২) ও পলাশ তাঁতি (২৭)। তাদের সবার বাড়ি চুনারুঘাট উপজেলার বিভিন্ন এলাকায়।
পরে তাদের দেওয়া তথ্যমতে মাইক্রোবাসটি তল্লাশি করে নীল পলিথিনে মোড়ানো, খাকি স্কচটেপ দিয়ে প্যাকেটজাত ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আটক ব্যক্তিদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের অভিযান অব্যাহত থাকবে।
ডি আর ডি
মন্তব্য করুন: