হবিগঞ্জে বিষ ও অবৈধ জালে বিলুপ্তির পথে ২০ প্রজাতির দেশীয় মাছ

হবিগঞ্জে বিষ ও অবৈধ জালে বিলুপ্তির পথে ২০ প্রজাতির দেশীয় মাছ

নিজস্ব প্রতিনিধি, বানিয়াচং

১৭/০৩/২০২৬ ১৫:৪৩:২১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

একসময়ের দেশীয় মাছের অফুরন্ত ভাণ্ডার হিসেবে পরিচিত হবিগঞ্জের বানিয়াচংয়ে এখন আর জালের টানে আগের মতো মাছ মিলছে না।

উপজেলার চাতল বিল, মকা হাওর ও গুনই হাওরসহ বিভিন্ন জলাশয় ঘুরে দেখা গেছে, বিষ প্রয়োগ, চায়না রিং জাল এবং কারেন্ট জালের নির্বিচার ব্যবহারে চ্যাং, কৈ, শিং ও বাইমসহ প্রায় ২০ প্রজাতির দেশীয় মাছ এখন বিলুপ্তির পথে।

স্থানীয় প্রবীণ জেলেদের অভিযোগ, একসময় হাত দিয়েই মাছ ধরা যেত, কিন্তু এখন দিনভর জাল ফেলেও পরিবারের খাবার জোটে না। অনেক অসাধু মৎস্যজীবী পানির গভীরে বিষ দিয়ে মাছ নিধন করছেন, যার ফলে মাছের বংশবৃদ্ধি পুরোপুরি থমকে গেছে।

বানিয়াচং উপজেলা মৎস্য কর্মকর্তা বোরহান উদ্দিন জানান, স্থানীয়দের অসচেতনতা এবং পানি শুকিয়ে বিষ দেওয়ার প্রবণতা বন্ধ না হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে।

আগামী মে থেকে জুন মাস পর্যন্ত দেশীয় মাছের প্রজনন মৌসুম হওয়ায় এখনই কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিষ প্রয়োগ ও কারেন্ট জালের পাশাপাশি ফসলি জমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহার এবং জলাশয় ভরাট হয়ে যাওয়াকেও মাছের আকালের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এ বিষয়ে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথী বলেন, দেশীয় মাছ আমাদের ঐতিহ্যের অংশ; অবৈধ মাছ নিধন বন্ধে খুব শীঘ্রই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

এ রহমান

মন্তব্য করুন: