হবিগঞ্জে সরকারি সভায় এমপির স্ত্রীকে প্রধান অতিথি করায় ইউএনও ও এসিল্যান্ডের বদলি

হবিগঞ্জে সরকারি সভায় এমপির স্ত্রীকে প্রধান অতিথি করায় ইউএনও ও এসিল্যান্ডের বদলি

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

০২/০৩/২০২৬ ২২:৪৪:৩৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের বাহুবল উপজেলা প্রশাসনের একটি আনুষ্ঠানিক সভায় স্থানীয় সংসদ সদস্যের স্ত্রীকে প্রধান অতিথি হিসেবে আসন প্রদান ও বক্তব্য দেওয়ানোর ঘটনায় বিতর্কের সৃষ্টি হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি)-কে একযোগে বদলি করা হয়েছে।

রবিবার (১ মার্চ) পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে বাহুবল ইউএনও লিটন দে-কে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এবং এসিল্যান্ড মাহবুবুল আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করার আদেশ জারি করা হয়। গত ২৬ ফেব্রুয়ারি উপজেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় হবিগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. রেজা কিবরিয়ার সহধর্মিণী সিমি কিবরিয়া প্রধান অতিথির আসনে বসে প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন; যার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সরকারি সভায় জনপ্রতিনিধির পরিবারের সদস্যের এমন উপস্থিতির আইনি বৈধতা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। সমালোচনার মাত্র একদিনের মাথায় এই দুই কর্মকর্তার বদলির আদেশ এলেও ইউএনও লিটন দে দাবি করেছেন যে, এই বদলির সঙ্গে ওই সভার কোনো সম্পর্ক নেই এবং এটি প্রশাসনের নিয়মিত প্রক্রিয়ার অংশ।

একইভাবে হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বিষয়টিকে ‘রুটিন বদলি’ ও সভাটিকে ‘পরিচিতিমূলক’ বলে অভিহিত করলেও সচেতন মহলে এই তাৎক্ষণিক বদলি নিয়ে ব্যাপক গুঞ্জন চলছে। জনপ্রশাসন মন্ত্রণালয় ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বাক্ষরিত এই আদেশের পর বাহুবল উপজেলা প্রশাসনে নতুন কর্মকর্তাদের পদায়নের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।


এ রহমান

মন্তব্য করুন: