বেকারত্ব দূরীকরণ ও রাস্তা সংস্কারের অঙ্গীকার
দোয়ারাবাজারে জাহাঙ্গীর আলমের সমর্থনে পথসভা ও গণসংযোগ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ -৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব জাহাঙ্গীর আলমের সমর্থনে পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ক্লাব মাঠে শরীয়ত আলী তালুকদারের সভাপতিত্বে ও মো. ইসমাইল মিয়ার পরিচালনায় পথসভাটি অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব জাহাঙ্গীর আলম। তিনি বলেন, “আঞ্চলিকতার টানে উত্তর সুরমার মানুষ আমাকে ভালোবাসে। আমি জনগণের ভোটে বিজয়ী হবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
তিনি আরও বলেন, বেকারত্ব দূর করতে দেশ-বিদেশে কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন, যুব উদ্যোক্তা তৈরিসহ নির্বাচিত হলে কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
নেতা আরও জানান, ছাতক-দোয়ারাবাজারের অধিকাংশ রাস্তার বেহাল অবস্থা; নির্বাচিত হলে এসব রাস্তা দ্রুত সংস্কার করে জনভোগান্তি কমানো তার অগ্রাধিকার হবে।
মানুষের মৌলিক চাহিদা—শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি বলেন,“জাবা মেডিকেলের মাধ্যমে ইতোমধ্যেই ছয় লাখ মানুষের জন্য স্বল্পমূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। নির্বাচিত হলে বাকি জীবন জনকল্যাণে উৎসর্গ করতে চাই।”
সভায় সাংবাদিক হাবীবুল্লাহ হেলালী, আমীর হোসেন মোল্লা, মোহাম্মদ আলী মিলন, সাবেক ইউপি সদস্য ফজলুর রহমান, আমজাদ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে বাংলাবাজারে গণসংযোগ করেন জাহাঙ্গীর আলম।
স্থানীয়রা সমর্থন জানিয়ে বলেন, জাহাঙ্গীর আলমের পারিবারিক ঐতিহ্য, মানবিক কর্মকাণ্ড ও এলাকার উন্নয়ন ভাবনা বিবেচনায় তারা তার বিজয় নিশ্চিত করতে একযোগে কাজ করবেন।
এ রহমান
মন্তব্য করুন: