কোম্পানীগঞ্জে ‘মব’ সৃষ্টি করে ছাত্রলীগ নেতাকে পুলিশে দিল ছাত্রদল
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আদনান সামীকে আটক করে পুলিশে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার টুকেরবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আদনান সামী ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের আব্দুল বারীর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গনী প্রথম সিলেটকে জানান, ছাত্রদলের নেতাকর্মীদের সহায়তায় পুলিশ আদনানকে আটক করেছে। এলাকায় যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
এ বিষয়ে ১ নম্বর ইসলামপুর পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রেজাউল হক রাজু বলেন, আদনান উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হওয়ার পাশাপাশি একজন সক্রিয় কর্মী। সে বর্তমান প্রেক্ষাপটেও শেখ হাসিনার পক্ষে সক্রিয় প্রচারণা চালিয়ে যাচ্ছিল। আমরা উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছি। তবে তাকে কোনো ধরনের মারধর বা নির্যাতন করা হয়নি।
তিনি আরও বলেন, এ সময় তার সঙ্গে ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি আইন উদ্দিন ওয়াইসি, সাধারণ সম্পাদক রায়হান আহমদ, উপজেলা ছাত্রদলের মুস্তাকিম আহমেদ, জিহাদ আহমেদ, জুনায়েদ আহমেদ এবং উপজেলা শ্রমিকদলের সভাপতি আবুল বাশার বাদশা উপস্থিত ছিলেন।
অন্যদিকে আদনান সামীকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন তার পরিবার। আদনানের চাচাতো ভাই লিটন আহমদ বলেন, আদনান কখনোই ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিল না। সে মূলত ওয়াইফাইয়ের (ইন্টারনেট) ব্যবসা করে। ঘটনার সময় সে আমার দোকানেই বসা ছিল। উপজেলা শ্রমিক লীগের এক নেতা তাকে ওয়াইফাই সংযোগ নেওয়ার কথা বলে কৌশলে টুকেরবাজারে ডেকে নিয়ে যায়। সেখানে ‘মব’ সৃষ্টি করে ও নির্যাতন চালিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
সোহেল রানা/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: