বাল্যবিবাহের হার দেশের মধ্যে সর্বনিম্ন সিলেট

বাল্যবিবাহের হার দেশের মধ্যে সর্বনিম্ন সিলেট

প্রথম সিলেট প্রতিবেদন

২৬/১১/২০২৬ ১১:০৫:৫৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দেশের ৬৪ জেলার মধ্যে বাল্যবিবাহের হার সবচেয়ে কম সিলেটে। একই সঙ্গে শিশুদের প্রতি শারীরিক শাস্তি ও মানসিক নির্যাতনের হারও অন্যান্য জেলার তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। তবে প্রজনন হারের ক্ষেত্রে সিলেট জাতীয় গড়ের সমান অবস্থানে রয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) প্রকাশিত ‘বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০২৫: ডিস্ট্রিক্ট অ্যাটলাস’ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দেশে ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের ৪৭ দশমিক ২ শতাংশের বিয়ে হয়েছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই। তবে এ ক্ষেত্রে দেশের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে সিলেট জেলা। জেলাটিতে বাল্যবিবাহের হার মাত্র ১২ দশমিক ৮ শতাংশ।

সিলেট বিভাগের অন্য জেলাগুলোর মধ্যে সুনামগঞ্জ ও মৌলভীবাজারে বাল্যবিবাহের হার ২৪ দশমিক ৪ শতাংশ করে এবং হবিগঞ্জে ২৭ দশমিক ৪ শতাংশ। অর্থাৎ সিলেট জেলার তুলনায় বিভাগের অন্যান্য জেলায় বাল্যবিবাহের হার প্রায় দ্বিগুণ বা তারও বেশি।

অন্যদিকে বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি জয়পুরহাটে, ৭৩ দশমিক ৩ শতাংশ। এরপর চুয়াডাঙ্গায় ৬৭ দশমিক ৯ শতাংশ, ভোলায় ৬৫ শতাংশ, সিরাজগঞ্জে ৬৩ দশমিক ১ শতাংশ, কুষ্টিয়ায় ৬২ দশমিক ৯ শতাংশ এবং যশোরে ৬২ দশমিক ৩ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, দেশে নারীদের মোট প্রজনন হার (টিএফআর) ২ দশমিক ৪০। সিলেট বিভাগের প্রজনন হারও ২ দশমিক ৪০। অর্থাৎ এ ক্ষেত্রে সিলেট জাতীয় গড়ের সমান অবস্থানে রয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি প্রজনন হার বরিশালে, ২ দশমিক ৬০। চট্টগ্রামে ২ দশমিক ৫০, ময়মনসিংহ ও সিলেটে ২ দশমিক ৪০, রংপুরে ২ দশমিক ৩০ এবং ঢাকা ও রাজশাহী বিভাগে ২ দশমিক ২০। অন্যদিকে খুলনা বিভাগে প্রজনন হার সবচেয়ে কম, ২ দশমিক ০০।

জেলাভিত্তিক হিসাবে সর্বোচ্চ প্রজনন হার ভোলায় ৩ দশমিক ৫০ এবং সর্বনিম্ন বাগেরহাটে ১ দশমিক ৫০। ভোলার পর মাদারীপুরে ৩ দশমিক ৩০ এবং নোয়াখালীতে ৩ দশমিক ০০।

শিশুদের প্রতি শারীরিক শাস্তি ও মানসিক নির্যাতনের ক্ষেত্রেও সিলেট দেশের তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে। প্রতিবেদন অনুযায়ী, দেশে ১ থেকে ১৪ বছর বয়সী শিশুদের ৮৫ দশমিক ৭ শতাংশ জরিপের আগের এক মাসে কোনো না কোনো ধরনের শারীরিক শাস্তি অথবা মানসিক নির্যাতনের শিকার হয়েছে।

জেলাভিত্তিক হিসাবে শিশুদের প্রতি সহিংস আচরণের হার সবচেয়ে বেশি বান্দরবানে, ৯৮ দশমিক ৭৭ শতাংশ। এরপর দিনাজপুরে ৯৫ দশমিক ৪২ শতাংশ, রাজশাহীতে ৯৪ দশমিক ২৩ শতাংশ, ঠাকুরগাঁওয়ে ৯৩ দশমিক ৮৪ শতাংশ এবং খাগড়াছড়িতে ৯৩ দশমিক ৫৫ শতাংশ।

অন্যদিকে এ হার সবচেয়ে কম সিলেটে, ৬৩ দশমিক ৫১ শতাংশ। এরপর চাঁদপুরে ৭১ দশমিক ১৭ শতাংশ, বরগুনায় ৭৩ দশমিক ৬৩ শতাংশ এবং নওগাঁয় ৭৫ দশমিক ১১ শতাংশ।

প্রজনন হার ও পরিবার পরিকল্পনা পরিস্থিতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন, দীর্ঘদিন দেশে মোট প্রজনন হার ২ দশমিক ৩-এ স্থিতিশীল থাকলেও ২০২৫ সালে তা বেড়ে ২ দশমিক ৪ হয়েছে। একই সময়ে গর্ভনিরোধক ব্যবহারের হার ৪ শতাংশ কমেছে এবং পরিবার পরিকল্পনায় অপূর্ণ চাহিদা ক্রমাগত বাড়ছে। একদিকে গর্ভনিরোধক ব্যবহার কমছে, অন্যদিকে প্রজনন হার ও পরিবার পরিকল্পনায় অপূর্ণ চাহিদা বাড়ছে, যা উদ্বেগজনক।

তিনি ২০২৫-২০৩০ মেয়াদের পরিবার পরিকল্পনা কৌশল পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন, মাঠপর্যায়ে পর্যাপ্ত জনবল নিয়োগ, গর্ভনিরোধক সরবরাহ নিশ্চিত করা এবং সচেতনতামূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেন। যেসব জেলায় প্রজনন হার বেশি, সেসব জেলায় বিশেষ ব্যবস্থা গ্রহণেরও পরামর্শ দেন তিনি।

বিবিএস ও ইউনিসেফের যৌথ উদ্যোগে পরিচালিত এ জরিপে দেশের ৬৪টি জেলা ও তিনটি সিটি করপোরেশনের ৬২ হাজার ৯৮০টি পরিবারের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। জরিপের আগের তিন বছরে ১৫ থেকে ৪৯ বছর বয়সী নারীদের প্রজননসংক্রান্ত তথ্যের ভিত্তিতে মোট প্রজনন হার নির্ধারণ করা হয়েছে।

প্রতিবেদনে মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবা, শিশু সুরক্ষা, বাল্যবিবাহ এবং প্রজননস্বাস্থ্যের ক্ষেত্রে দেশের বিভিন্ন জেলার মধ্যে উল্লেখযোগ্য বৈষম্য উঠে এসেছে।

সিলেটে বাল্যবিবাহ ও শিশু নির্যাতনের হার তুলনামূলক কম হওয়া ইতিবাচক চিত্র তুলে ধরলেও প্রান্তিক জনগোষ্ঠী, চা বাগানের নারী ও কিশোরী এবং প্রত্যন্ত অঞ্চলের শিশুদের সুরক্ষা, স্বাস্থ্যসেবা ও অধিকার নিশ্চিত করতে আরও কার্যকর উদ্যোগের প্রয়োজনীয়তা রয়েছে। এসব ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি, পরিবার পরিকল্পনা সেবা সম্প্রসারণ এবং নারী ও শিশুবান্ধব সেবাব্যবস্থা জোরদার করা গুরুত্বপূর্ণ।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad