জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা
সুনামগঞ্জের ধোপাজান নদীর বালু-পাথর উত্তোলন বন্ধের নির্দেশ জেলা প্রশাসকের
ধোপাজান নদী থেকে বালু ও পাথর উত্তোলন বন্ধের নির্দেশ দিয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
শনিবার (৯ নভেম্বর) জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া এবং সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ।
সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ, সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির, সেনাবাহিনী ও র্যাবের প্রতিনিধি, সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান, পিপি এডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আব্দুল হক, এডিশনাল পিপি এডভোকেট শেরেনুর আলী, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ, নায়েবে আমীর এডভোকেট শামস উদ্দিন আহমেদ, খেলাফত মসলিস নেতা সাখাওয়াত হোসেন মোহন, প্রেস ক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু, ক্যাব সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী, সাংবাদিক খলিল রহমানসহ কমিটির সদস্যরা।
সভায় সদস্যরা ধোপাজান নদীর বালু-পাথর লুটপাট ও এর ফলে সম্ভাব্য আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা তুলে ধরেন। এ বিষয়ে জেলা প্রশাসক জানান, ২৮ বিজিবির পক্ষ থেকেও কোর কমিটিকে লিখিতভাবে পরিস্থিতির ঝুঁকি সম্পর্কে জানানো হয়েছে। তাই মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ধোপাজান নদীর বালু-পাথর উত্তোলন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক আরও বলেন, “লিমপিড ইঞ্জিনিয়ারিং নামে একটি প্রতিষ্ঠানের নৌপরিবহন মন্ত্রণালয় থেকে বিট বালু উত্তোলনের অনুমোদন রয়েছে। তবুও পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় মন্ত্রণালয়কে বিষয়টি জানানো হয়েছে। আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা বিষয়টি উত্থাপন করায় জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আমি নির্দেশ দিচ্ছি—পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত উত্তোলন বন্ধ থাকবে।”
এ রহমান
মন্তব্য করুন: