বিএনপির কার্যালয়ে ব্যানার টানালো নিষিদ্ধ ছাত্রলীগ!
সিরাজগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ব্যানার টানানোর ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকালে ভিডিওটি ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাতের আঁধারে দুই ব্যক্তি সিরাজগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার টানাচ্ছেন।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, রাত ৮টা পর্যন্ত তাঁরা দলীয় কার্যালয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছেন। পরে সবাই বাসায় চলে যান। কার্যালয় দেখাশোনার দায়িত্বে থাকা পিয়ন রাতে ঘুমিয়ে ছিলেন। এ সুযোগে কেউ চোরের মতো এসে ব্যানার টানিয়ে ভিডিও ধারণ করেছে।
তিনি আরও বলেন, রাত সাড়ে ৩টার দিকে মানুষ যখন ঘুমিয়ে থাকে, তখন ব্যানার টানিয়ে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া কোনো রাজনৈতিক কর্মকাণ্ড হতে পারে না। রাজনীতি করতে হলে মাঠে এসে করতে হবে। ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন। এ ঘটনায় জেলা বিএনপি চিন্তিত বা বিচলিত নয়। এটি রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কাজ।
ঘটনাটি কে বা কারা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: