৯ বছর বয়সী মাদ্রাসা শিক্ষার্থীকে গরম ইস্ত্রির ছ্যাঁকা, অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার
গাজীপুরের টঙ্গীতে এক মাদ্রাসার ৯ বছর বয়সী শিশু শিক্ষার্থীকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৮ নভেম্বর) রাতে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক রাব্বি হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি টঙ্গী চেরাগআলী এলাকার মিফতাহুল মাদ্রাসার শিক্ষক ও কিশোরগঞ্জের হোসেনপুর থানার বাসিন্দা।
শিক্ষার্থীর স্বজন ও মামলা সূত্রে জানা গেছে, গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকার মিফতাহুল মাদ্রাসার ছাত্র মো. ওসমান গণি নাঈম। গত ৪ নভেম্বর বিকেলে শিক্ষক রাব্বি হোসেন নাঈমকে গরম ইস্ত্রি দিয়ে নিতম্বে ছ্যাঁকা দিয়ে নির্যাতন করেন। পরদিন ৫ নভেম্বর সন্ধ্যায় শিশুটির মা তাকে বাড়িতে নিয়ে যেতে মাদ্রাসায় যান। এসময় ছাত্রটি তার শরীরের ঝলসে যাওয়া অংশ দেখায়। পরে এ ঘটনায় শিশুটির মা রোববার রাতে টঙ্গী পূর্ব থানা পুলিশকে বিষয়টি জানান এবং লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, ঘটনার জানার পরপরই মাদ্রাসা শিক্ষককে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। শিক্ষক প্রাথমিকভাবে ঘটনার দায় স্বীকার করায় মামলা রুজু হয়েছে এবং তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: