শ্রীমঙ্গলে মহাসড়কের পাশ থেকে আহত ১২ ফুট দীর্ঘ অজগর উদ্ধার
শ্রীমঙ্গলে ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে একটি আহত অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টা ১০ মিনিটে উপজেলার কাকিয়াবাজার জামে মসজিদের পাশে সড়কের ধারে রাখা কাটা গাছের নিচ থেকে সাপটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েক দিন ধরে মহাসড়কের পাশে গাছগুলো রাখা ছিল। বুধবার গাছগুলো বিক্রির উদ্দেশ্যে সরানোর সময় স্থানীয় লোকজন গাছের নিচে অজগর সাপটি দেখতে পান। পরে তাঁরা শ্রীমঙ্গল বন্যপ্রাণী বিভাগ ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।
খবর পেয়ে বন্যপ্রাণী বিভাগ ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা যৌথভাবে ঘটনাস্থলে গিয়ে অজগর সাপটিকে উদ্ধার করেন। উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য ১২ ফুট এবং ওজন ১৬ কেজি বলে জানিয়েছেন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল।
স্বপন দেব সজল জানান, উদ্ধারের সময় অজগরটির শরীরে গাড়ির চাকার দাগ দেখা গেছে। ধারণা করা হচ্ছে, কোনো যানবাহনের চাকায় চাপা পড়ে সাপটি আহত হয়েছে।
পরে উদ্ধার করা অজগর সাপটিকে শ্রীমঙ্গল বন্যপ্রাণী বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। বন্যপ্রাণী বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক জানান, অজগরটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর সুস্থ হলে বনে অবমুক্ত করা হবে।
তাহির আহমদ/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: