হবিগঞ্জে মুক্তিযোদ্ধা রফিক হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবি

হবিগঞ্জে মুক্তিযোদ্ধা রফিক হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবি

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১৮/১১/২০২৬ ১৩:৩৪:৪৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় শহরের জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে নাগরিক সমাজ, মুক্তিযোদ্ধা সংসদ, সাংবাদিক সমাজ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যৌথ ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক এনাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক জিয়াউল আহসান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাসুদ করিম আখঞ্জী, সাংবাদিক রাসেল চৌধুরী, জ্যেষ্ঠ আইনজীবী শামসু মিয়া চৌধুরী, মুরারী ধর, হবিগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, জেলা যুবদল আহ্বায়ক জালাল আহমেদ, মহসিন শিকদার, বীর মুক্তিযোদ্ধা পাঠান বাবুলসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, শহরের চাঁদের হাসি হাসপাতালের ডা. মো. সোলাইমান মিয়া ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আল আমিনের ভুল চিকিৎসার কারণেই বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হলেও অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। 

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করা না হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

গত ২৪ আগস্ট শহরের চাঁদের হাসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যু হয়।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad