মালয়েশিয়া যেতে নতুন সুখবর দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী
চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে আগামী সপ্তাহের মধ্যে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।মানচিত্র দেখুন
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মন্ত্রী বলেন, সরকারিভাবে মালয়েশিয়ায় যেতে একজন কর্মীর অভিবাসন ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা। তবে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের কাছ থেকে সর্বোচ্চ ২ থেকে ৩ লাখ টাকা খরচের কথা বলা হচ্ছে। নির্ধারিত ব্যয়ের মধ্যে কর্মীদের মালয়েশিয়া যাওয়ার সুযোগ নিশ্চিত করা গেলে তাদের এত ভোগান্তিতে পড়তে হতো না বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে দেশের একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।
এ উদ্যোগের অংশ হিসেবে প্রাথমিক পর্যায়ে মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে ১১২ জন কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে বোয়েসেল। পর্যায়ক্রমে এ উদ্যোগের আওতায় আরও কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া মালয়েশিয়ার পর্যটন, উৎপাদন ও কেয়ারগিভিং খাতে আরও ৫৫৮ জন কর্মী নিয়োগের জন্য আনুষ্ঠানিক চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।
সরকারি উদ্যোগে বিনা খরচে কর্মী পাঠানোর পাশাপাশি নির্ধারিত অভিবাসন ব্যয়ে কর্মী নিয়োগের বিষয়টি বাস্তবায়ন হলে মালয়েশিয়াগামী কর্মীদের আর্থিক চাপ ও ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।
নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: