কেরালা চলচ্চিত্র উৎসবে লড়বে বাংলাদেশের ‘বনলতা সেন’

কেরালা চলচ্চিত্র উৎসবে লড়বে বাংলাদেশের ‘বনলতা সেন’

প্রথম ডেস্ক

১৫/১১/২০২৬ ১০:৫৯:৫৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ভারতের কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩১তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের সিনেমা ‘বনলতা সেন’। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার নির্বাচিত ১৪টি সিনেমার সঙ্গে প্রতিযোগিতায় লড়বে বাংলাদেশের এই সিনেমাটি।

আগামী ১১ ডিসেম্বর শুরু হবে ৩১তম কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। এবারের মূল প্রতিযোগিতায় বিজয়ী সিনেমার জন্য রয়েছে ২০ লাখ ভারতীয় রুপি পুরস্কার।

‘বনলতা সেন’-এর নির্বাচিত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লেখেন, ‘আমি প্রায় ধরেই নিয়েছিলাম, কবি জীবনানন্দ দাশের মতোই তাঁর “বনলতা সেন”ও হয়তো কখনো প্রাপ্য স্বীকৃতি ও প্রশংসা পাবে না। তাই এসব (উৎসব) নিয়ে খুব একটা ভাবতামও না।’

এরপর তিনি লেখেন, ‘অবশেষে ৩১তম আন্তর্জাতিক কেরালা চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়ে “বনলতা সেন” শুরু করেছে তার আন্তর্জাতিক যাত্রা। কী অদ্ভুত পরিহাস! আমার বিশ্বাস, জীবনানন্দ দাশ বেঁচে থাকলে এই পরিহাস ঠিকই বুঝতে পারতেন।’

এবারের আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’-এর পাশাপাশি থাকছে ভারতের কিংবদন্তি নির্মাতা আদুর গোপালকৃষ্ণনের নতুন সিনেমা ‘পদযাত্রা’।

এ ছাড়া ২০২৬ সালের বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুটি পুরস্কারজয়ী ব্রাজিলিয়ান নির্মাতা অ্যালান ডেবার্টনের ‘গুগুস ওয়ার্ল্ড’, টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ফিলিপাইনের লরেন্স ফাজার্দোর ‘সাইলেন্সড নাইটস’, মেক্সিকোর ‘আই অ্যাম মারিও’ এবং বুসান উৎসবে প্রিমিয়ার হওয়া ইরানের ‘স্লাম্বার’ রয়েছে প্রতিযোগিতার তালিকায়।

কবি জীবনানন্দ দাশের কালজয়ী কবিতা ‘বনলতা সেন’-এর সূত্র ধরে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে কবির জীবনের নানা দিক তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতা। সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। এ ছাড়া বিভিন্ন চরিত্রে রয়েছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ, শরীফ সিরাজ ও সুমাইয়া খুশি।

কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় ‘বনলতা সেন’-এর এই অংশগ্রহণ বাংলাদেশের চলচ্চিত্রের জন্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি। কবি জীবনানন্দ দাশের সাহিত্য ও জীবনকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটি এবার বিশ্বমঞ্চে নিজের জায়গা করে নেওয়ার সুযোগ পেল।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad