বর্ষায় নৌকা, হেমন্তে ভাঙা রাস্তাই ভরসা তাহিরপুরের রতনশ্রীর বাসিন্দাদের
উপজেলা সদর বাজার থেকে দূরত্ব মাত্র একটি নদী। মাঝখানে বয়ে গেছে বৌলাই নদী। নদীর ওপারেই গ্রাম। অথচ এই সামান্য দূরত্ব পেরোতেই বছরের পর বছর দুর্ভোগ পোহাতে হচ্ছে কয়েক হাজার মানুষকে। বর্ষায় নৌকাই একমাত্র ভরসা, আর হেমন্তে নদীর পানি কমলে ভাঙাচোরা ও কাদামাটির রাস্তা হয়ে ওঠে চলাচলের একমাত্র পথ। এ যেন আধুনিক যোগাযোগব্যবস্থার যুগেও বিচ্ছিন্ন এক জনপদের গল্প। বলছি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রতনশ্রী গ্রামের কথা।
উপজেলা সদর বাজারের একেবারে পাশেই গ্রামটির অবস্থান। মাঝখানে শুধু বৌলাই নদী। অথচ নদীর দুই পাড়ের যোগাযোগব্যবস্থায় রয়েছে আকাশ-পাতাল ব্যবধান। একসময় এই গ্রাম থেকেই উপজেলার নেতৃত্ব দিয়েছেন অনেকে। সময়ের পরিবর্তনে চারপাশে যোগাযোগব্যবস্থার উন্নয়ন হলেও রতনশ্রী গ্রামের মানুষের ভাগ্যে জোটেনি চলাচলের উপযোগী একটি স্থায়ী রাস্তা। ফলে উপজেলা সদরের এত কাছে থেকেও যোগাযোগ বিচ্ছিন্নতার দুর্ভোগ নিয়ে দিন কাটছে গ্রামবাসীর।
স্থানীয় সূত্রে জানা যায়, তাহিরপুর সদর ইউনিয়নের বৌলাই নদীর এক পাড়ে উপজেলা সদর বাজার, অন্য পাড়ে রতনশ্রী গ্রাম। নদীর উত্তর পাশে থানাসংলগ্ন ব্রিজ থেকে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শাহাগঞ্জ গ্রামের দিকে প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই জনপদ। গ্রামের অধিকাংশ মানুষের জীবিকা পর্যটকদের নৌকা চালানো, হাওরে মাছ শিকার ও কৃষিকাজের ওপর নির্ভরশীল।
সরেজমিনে দেখা যায়, গ্রামের উত্তর পাশে বিস্তীর্ণ মাটিয়ান হাওরে ইতোমধ্যে বোরো ধানের চাষাবাদ শুরু হয়েছে। অথচ এই জনপদের মানুষের যাতায়াতের জন্য পুরো এলাকায় নেই কোনো পাকা রাস্তা। বিশেষ করে সদর বাজারসংলগ্ন বৌলাই নদীর উত্তর তীর থেকে গ্রামের দিকে প্রায় এক কিলোমিটার রাস্তার অবস্থা অত্যন্ত নাজুক। নদীভাঙনে রাস্তার বিভিন্ন অংশ বিলীন হয়ে গেছে। কোথাও কোথাও ভাঙন এতটাই ভয়াবহ যে স্বাভাবিকভাবে হেঁটে চলাচল করাও কঠিন। নদীর পানি কমে গেলে রাস্তার ক্ষতচিহ্ন আরও স্পষ্ট হয়ে ওঠে। ফলে ওই পথে কোনো যানবাহন চলাচল করতে পারে না।
গ্রামটির প্রায় ৫০০ থেকে ৬০০ পরিবারের মানুষ প্রতিদিন এই পথ ব্যবহার করেন। বাজারে যাওয়া, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত, অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়া কিংবা কৃষিকাজের সরঞ্জাম পরিবহন—সব ক্ষেত্রেই তাদের পড়তে হয় চরম ভোগান্তিতে। বর্ষায় ঝড়-বৃষ্টি উপেক্ষা করে নৌকায় বৌলাই নদী পার হতে হয়। অন্যদিকে, হেমন্তে নৌকার পরিবর্তে ভাঙাচোরা রাস্তা হয়ে ওঠে দুর্ভোগের প্রধান কারণ।
রতনশ্রী গ্রামের ৫০ বছর বয়সী বাসিন্দা সজিবুর রহমান বলেন, ‘জন্মের পর থেকেই দেখে আসছি, বর্ষায় নৌকায় আর হেমন্তে পায়ে হেঁটে গোদারার নৌকায় নদী পার হয়ে বাজার, হাসপাতাল কিংবা স্কুলে যেতে হয়। উপজেলার অনেক জায়গায় যাতায়াতের সুবিধা হয়েছে, কিন্তু সদর ইউনিয়নের এই গ্রামের কোনো উন্নতি হয়নি। প্রতি বছর নদীভাঙনে হেঁটে চলাচলের রাস্তাটিও বিলীন হয়ে যাচ্ছে।’
গ্রামের ২২ বছর বয়সী যুবক সানার হোসেন বলেন, ‘জরুরি প্রয়োজনে কোনো রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে হলে প্রথমে নৌকায় নদী পার হতে হয়। বর্ষায় ঝড়-বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ায় নৌকায় পারাপার ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। আবার হেমন্তে ভাঙা রাস্তার কারণে যানবাহন গ্রামে প্রবেশ করতে পারে না। কখনো ঝুঁকি নিয়ে অটোরিকশা বা অন্যান্য যানবাহন চলাচল করলেও রাস্তার ভাঙা অংশে দুর্ঘটনার শিকার হতে হয়। এমনকি যানবাহনসহ নদীতে পড়ে আহত হওয়ার ঘটনাও ঘটেছে।’
গ্রামের কৃষক মহিবুর রহমান বলেন, ‘এখন কৃষিকাজের সময়। কিন্তু কৃষি সরঞ্জাম, ঠেলাগাড়ি ও ট্রাক্টর মেশিন এই রাস্তা দিয়ে নেওয়া যায় না। এতে কৃষিকাজ করা কঠিন হয়ে পড়ে। এসব জিনিসপত্র পরিবহন করতে গিয়ে অনেক সময় দুর্ঘটনার শিকার হতে হয়েছে।’
স্থানীয়দের অভিযোগ, উপজেলা সদর বাজারের এত কাছে থেকেও বছরের পর বছর ধরে যোগাযোগের এমন দুরবস্থা অত্যন্ত দুর্ভাগ্যজনক। নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা রাস্তা নির্মাণ ও সংস্কারের আশ্বাস দিলেও বাস্তবে স্থায়ী কোনো সমাধান হয়নি। তাদের দাবি, শুধু সাময়িকভাবে রাস্তা সংস্কার নয়, নদীভাঙন রোধে কার্যকর প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তুলে একটি টেকসই সড়ক নির্মাণ করতে হবে। অন্যথায় বছরের পর বছর একই দুর্ভোগ বয়ে বেড়াতে হবে গ্রামবাসীকে।
এ বিষয়ে তাহিরপুর উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, ‘আমরা এই গ্রামকে হাওরের ঢেউ ও নদীভাঙন থেকে রক্ষা করতে গ্রাম প্রতিরক্ষার ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তাবনা পাঠিয়েছি। আশা করছি, এটি অনুমোদন হলে প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে রাস্তা ও গ্রামটিকে রক্ষা করা সম্ভব হবে।’
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী জানান, তিনি এখানে নতুন যোগদান করেছেন। এখনো রতনশ্রী গ্রামে যাওয়া হয়নি। এ বিষয়ে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে জেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন।
উপজেলা সদরের এত কাছে থেকেও একটি গ্রামের মানুষের যাতায়াতের জন্য বছরের পর বছর এমন দুর্ভোগ কেন—এ প্রশ্ন এখন রতনশ্রীবাসীর। তাদের প্রত্যাশা, আশ্বাসের গণ্ডি পেরিয়ে এবার বাস্তব উদ্যোগ নেওয়া হবে। বৌলাই নদীর দুই পাড়ের দূরত্ব ঘোচাতে গড়ে উঠবে নিরাপদ ও টেকসই যোগাযোগব্যবস্থা।
শামসুল আলম আখঞ্জী / নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: