সিলেটে সোমবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
সিলেট জেলা সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদ ঘোষিত তিন দফা দাবিতে আগামী সোমবার (১৬ নভেম্বর) ভোর ৬টা থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট (কর্মবিরতি) পালিত হবে। ঘোষিত এই ধর্মঘট সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নগরীর দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টস্থ ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই আহ্বান জানানো হয়।
সংগঠনের (রেজি নং বি-১৪১৮) সভাপতি হাজী ময়নুল ইসলামের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি সাহেব আলী, সহ-সাধারণ সম্পাদক মাহবুব মিয়া, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত, প্রচার সম্পাদক হারিছ আলী, কোষাধ্যক্ষ আব্দুস শহিদ এবং সদস্য শেখ আজিজ, সাইফুল ইসলাম, শাহাব উদ্দিন ও শেখ ফরিদ। এছাড়া ইউনিয়নের আওতাধীন বিভিন্ন উপ-কমিটির নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সভায় নেতৃবৃন্দ জানান, তিন দফা দাবি আদায়ে গত ৮ নভেম্বর প্রশাসনের সংশ্লিষ্ট সকল দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়েছিল। কিন্তু প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় গত ১২ নভেম্বর পরিষদের সভায় সোমবার (১৬ নভেম্বর) ভোর ৬টা থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের পরিবহন কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়।
পরিবহন মালিক-শ্রমিকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে -১. সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন ও কোষাধ্যক্ষ আব্দুস শহিদসহ শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার। ২. সিএনজিচালিত অটোরিকশা, ইমা-লেগুনা ও মাইক্রোবাসের জন্য নির্ধারিত পার্কিংয়ের জায়গা নিশ্চিত করা এবং ট্রাক-পিকআপের মালামাল ইজিবাইক ও টমটমে বহন বন্ধসহ নগরী থেকে ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক ও টমটম প্রত্যাহার ও ৩. সিএনজিচালিত অটোরিকশার ব্যাংক চালানের নম্বর প্রদান।
সভায় শ্রমিক নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, কদমতলী টার্মিনালে এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর মামলায় ষড়যন্ত্রমূলকভাবে ইউনিয়নের শীর্ষ নেতাদের আসামি করা হয়েছে। প্রাথমিক তদন্তে নেতাদের সম্পৃক্ততার প্রমাণ না মিললেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযোগপত্রে তাঁদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। অবিলম্বে এই মামলা থেকে তাঁদের নাম প্রত্যাহার করতে হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, নগরীর বিভিন্ন স্থানে সিএনজিচালিত অটোরিকশা, ইমা-লেগুনা ও মাইক্রোবাস পার্কিংয়ে বাধা ও মামলা দেওয়া হচ্ছে। অথচ ট্রাক-পিকআপের মালামাল ঝুঁকিপূর্ণভাবে ইজিবাইক ও টমটমে পরিবহন করা হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশার ব্যাংক চালান গ্রহণ করা হলেও নম্বর দেওয়া বন্ধ রাখা হয়েছে। এসব ন্যায্য দাবি আদায়ে সোমবার ভোর ৬টা থেকে সিলেট জেলায় শান্তিপূর্ণভাবে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের জন্য সকল পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।
নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: