সিলেট ও সুনামগঞ্জে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৭ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট ও সুনামগঞ্জে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৭ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম সিলেট প্রতিবেদন

১৪/১১/২০২৬ ২৩:১৭:০৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার (১৪ নভেম্বর) পর্যন্ত সিলেটের বিয়ানীবাজার, জৈন্তাপুর, গোয়াইনঘাট এবং সুনামগঞ্জের ছাতক উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, নাশকতা এবং দ্রুত বিচার আইনে মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শনিবার তাঁদের সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে।


বিয়ানীবাজারে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

শনিবার বিকেলে সিলেটের বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের গয়লাপুর এলাকায় অভিযান চালিয়ে দুবাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. সুলতান মাহমুদ সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি গয়লাপুর গ্রামের মৃত জবেদ আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় নিষিদ্ধ সংগঠনের সদস্যরা নাশকতার উদ্দেশ্যে সেখানে জড়ো হচ্ছিলেন। অভিযানে সুমনকে গ্রেপ্তার করা হয়। বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবীর জানান, নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।


জৈন্তাপুরে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আটক

শনিবার জৈন্তাপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তারা মিয়াকে গ্রেপ্তার করেছে। তিনি উপজেলার আলুবাগান (মোকামবাড়ী) গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে। জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।


গোয়াইনঘাটে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার

শনিবার রাতে গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুকের দিকনির্দেশনায় এসআই গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন—গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মদরিছ আলী সিকদার (৫৫), রুস্তমপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মকলিছুর রহমান (৪৫), পূর্ব জাফলং ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহীন মাহমুদ (৪১) এবং পশ্চিম জাফলং ইউনিয়ন ছাত্রলীগের সদস্য ইয়াছিন মুন্সি (৩২)।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১১ নভেম্বর রাতারগুল সোহেল স্কয়ার রিসোর্টের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার (নং-১১/৩৫০) তদন্তে তাঁদের সম্পৃক্ততা পাওয়া গেছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।


ছাতকে মহানগর ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

অন্যদিকে, সুনামগঞ্জের ছাতক উপজেলায় নিজ বাড়ি থেকে সিলেট মহানগর ছাত্রলীগের সহসভাপতি মিফতা উদ্দিন ওয়াহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার দোলারবাজার ইউনিয়নের কল্যাণপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত রুপ মিয়ার ছেলে।

ছাতক থানার ওসি কামাল হোসেন (পিপিএম) জানান, মিফতা উদ্দিনের বিরুদ্ধে ছাতক থানায় দণ্ডবিধি ও দ্রুত বিচার আইনে দুটি মামলা (২০২৪ সালের ১৪ নভেম্বর এবং ২০২৬ সালের ৯ আগস্ট দায়েরকৃত) রয়েছে। শনিবার সকালে তাঁকে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad