অনুমতি ছাড়াই মেলার আয়োজন, হবিগঞ্জে প্রশাসনের অভিযানে পণ্ড
হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে প্রশাসনের অনুমতি ছাড়াই কুটিরশিল্প ও বাণিজ্যমেলার আয়োজন করা হয়েছিল। মাঠে শতাধিক স্টল স্থাপন করে বিভিন্ন পণ্যসামগ্রী নিয়ে হাজির হন ব্যবসায়ীরা। আগামী ১ নভেম্বর মেলার উদ্বোধনের ঘোষণাও দেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত উপজেলা প্রশাসনের অভিযানে মেলার এই আয়োজন পণ্ড হয়ে যায়। এ সময় অনুমতি ছাড়া দোকান বসানোর দায়ে ১৩ ব্যবসায়ীকে মোট ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) সায়ীদ মোহাম্মদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করে বাহুবল মডেল থানা-পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস ধরে মিরপুরের একটি মাঠে কুটিরশিল্প ও বাণিজ্যমেলা আয়োজনের প্রস্তুতি চলছিল। গত ১৬ অক্টোবর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মেলা আয়োজনের অনুমতি দেওয়া হয়নি বলে আয়োজকদের জানিয়ে দেওয়া হয়েছিল। এরপরও আয়োজক কমিটি আগামী ১ নভেম্বর মেলার উদ্বোধনের ঘোষণা দেয়।
এরই মধ্যে মাঠে শতাধিক স্টল স্থাপন করা হয় এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা পণ্যসামগ্রী নিয়ে আসেন। অনুমতি ছাড়াই মেলার প্রস্তুতি ও দোকানপাট বসানোর খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় মাঠে অভিযান চালায় উপজেলা প্রশাসন।
অভিযানকালে ১২ জন ব্যবসায়ীকে এক হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা এবং এক নারী ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মাঠে বসানো দোকানগুলো সরিয়ে নেওয়া হয়।
অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) সায়ীদ মোহাম্মদ বলেন, প্রশাসনের অনুমতি ছাড়াই মেলা বসানোর প্রস্তুতি নেওয়া হয়েছিল। অভিযান চালিয়ে দোকানগুলো সরিয়ে দেওয়া হয়েছে। তবে এ সময় আয়োজক কমিটির কাউকে পাওয়া যায়নি।
তাহির আহমদ/ মীর্জা ইকবাল
মন্তব্য করুন: