রেল কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তার দাবিতে সিলেটে মানববন্ধন
সরকারি দায়িত্ব পালনকালে বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের ওপর সন্ত্রাসী হামলা ও হেনস্তার প্রতিবাদে সারা দেশের ন্যায় সিলেটেও মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগষ্ট) সকালে সিলেট স্টেশন প্রাঙ্গণে স্টেশন কর্তৃপক্ষের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
সিলেটের স্টেশন ম্যানেজার নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন মানববন্ধনে স্টেশন মাস্টারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আন্তঃনগর ট্রেনের এসি কোচ ও কেবিনে কিছু ব্যক্তি বিনা টিকিটে ভ্রমণ করে বৈধ টিকিটধারী যাত্রীদের স্বাভাবিক ও নিরাপদ ভ্রমণে বিঘ্ন সৃষ্টি করছেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা টিকিট প্রদর্শনের অনুরোধ করলে অনেক সময় হট্টগোল, বাকবিতণ্ডা, অশ্রাব্য ভাষায় গালিগালাজ, হুমকি এবং সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনা ঘটছে।
তাদের অভিযোগ, বিনা টিকিটে ভ্রমণের মাধ্যমে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার পাশাপাশি টিকিট চেকিং কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে এসব ঘটনা চলন্ত ট্রেন ও স্টেশন এলাকায় হামলার পর্যায়েও পৌঁছাচ্ছে।
মানববন্ধনে সাম্প্রতিক কয়েকটি ঘটনার উল্লেখ করে বক্তারা বলেন, গত ৪ আগস্ট ৭৯২ নম্বর বনলতা এক্সপ্রেস এবং ২৫ জুলাই ৭২৬ নম্বর সুন্দরবন ট্রেনে বিনা টিকিটের যাত্রীদের দ্বারা রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
এ ছাড়া গত ৭ আগস্ট ৭৫৩ নম্বর সিল্কসিটি ট্রেন আব্দুলপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর এসি কোচে কয়েকজন বিনা টিকিটের যাত্রী পাওয়া যায়। তাদের ন্যূনতম ভাড়া ও প্রযোজ্য জরিমানা পরিশোধ করে নন-এসি কোচে যাওয়ার অনুরোধ করা হলে তারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের ভীতি প্রদর্শন, সরকারি কাজে বাধা এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়।
পরে ট্রেনটি রাজশাহী স্টেশনে পৌঁছালে ২০ থেকে ২৫ জনের একটি দল পশ্চিমাঞ্চল রেলওয়ের চীফ কমার্শিয়াল ম্যানেজার মোহাম্মদ আহছান উল্যা ভূঁঞাসহ কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা করে বলে মানববন্ধনে অভিযোগ করা হয়।
মানববন্ধনে বক্তারা সরকারি দায়িত্ব পালনে রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের পূর্ণ নিরাপত্তা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে রেলওয়ে কর্মীদের ওপর অন্যায়ভাবে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানান তারা।
তাহির আহমদ/ মীর্জা ইকবাল
মন্তব্য করুন: