তদন্তে ৬ সদস্যের কমিটি
শাবি শিক্ষকদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ও আন্দোলন দমনের অভিযোগ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষকদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে নিপীড়নের অভিযোগ তদন্তে ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার (৯ আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য নিশ্চিত করা হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, সম্প্রতি গণমাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততার খবর প্রকাশিত হয়েছে। ওই সংবাদের ভিত্তিতে শাবিপ্রবির কোনো শিক্ষক এমন কর্মকাণ্ডে যুক্ত ছিলেন কি না, তা খতিয়ে দেখে দ্রুত প্রতিবেদন জমা দিতে এই কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিমকে আহ্বায়ক এবং রেজিস্ট্রারকে সদস্যসচিব করে গঠিত এই কমিটির অন্য সদস্যরা হলেন— কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাঈল হোসেন, গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল ফজল মোহাম্মদ জাকারিয়া এবং বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন।
কমিটিকে শিক্ষকদের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করে দ্রুততম সময়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্তে কোনো শিক্ষকের রাষ্ট্রবিরোধী তৎপরতার সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে এই কমিটি। একই সঙ্গে বিগত সরকারের আমলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হুমকি ও নিপীড়নে জড়িত শিক্ষকদের ভূমিকাও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।
তাহির আহমদ/ মীর্জা ইকবাল
মন্তব্য করুন: