ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় মানুষ
ফিলিপাইনের দক্ষিণ উপকূলে ৬ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (৫ আগস্ট) স্থানীয় সময় দুপুর ১২টা ১৪ মিনিটে এই ভূমিকম্প হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। একই সঙ্গে এখন পর্যন্ত প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সারাঙ্গানি দ্বীপের দক্ষিণ-পশ্চিমে প্রায় ৩২ কিলোমিটার দূরে। ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠের প্রায় ৬২ কিলোমিটার গভীরে ছিল বলে জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র।
ভূমিকম্পের সময় সারাঙ্গানি দ্বীপে সরকারি আর্থিক সহায়তা বিতরণ কর্মসূচিতে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। হঠাৎ কম্পন শুরু হলে অনেকেই আতঙ্কিত হয়ে নিরাপদ স্থানের দিকে ছুটে যান।
স্থানীয় উদ্ধারকর্মী হার্লি সাউরো বলেন, ‘কম্পনটি বেশ শক্তিশালী ছিল। মানুষ চিৎকার করতে করতে নিরাপদ স্থানে ছুটে যায়। তবে সবাই নিরাপদে আছে।’
তিনি আরও জানান, প্রাথমিক মূল্যায়নে বড় ধরনের প্রাণহানি বা ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা যায়নি।
এর আগে গত ৮ জুন ফিলিপাইনের মিন্দানাও দ্বীপেও শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। সে সময় বহু ভবন ধসে পড়ে, ভূমিধসের ঘটনা ঘটে এবং অন্তত ৭৬ জনের মৃত্যু হয়।
দুই মাসের ব্যবধানে নতুন এই ভূমিকম্প দেশটির ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোতে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
রত্না বাউরী
মন্তব্য করুন: