তাহিরপুরে ইজারাবহির্ভূত স্থান থেকে বালু উত্তোলন, স্টিলবডি আটকসহ লাখ টাকা জরিমানা
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যাদুকাটা নদীর ঝালরটেক ও ঘাগটিয়া আদর্শ গ্রাম এলাকায় নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ইজারাবহির্ভূত স্থান থেকে বালু উত্তোলনের দায়ে একটি স্টিলবডি আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সহকারী কমিশনার (ভূমি) বিএমআরএস আলিফের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ঝালরটেক ও ঘাগটিয়া আদর্শ গ্রামে মোবাইল কোর্ট টিম পৌঁছানোর আগেই বালু উত্তোলনকারীরা ঘটনাস্থল ত্যাগ করায় কাউকে পাওয়া যায়নি। পরে জামালেরচর সংলগ্ন এলাকায় ইজারাবহির্ভূত স্থান থেকে বালু উত্তোলনের সময় একটি স্টিলবডি আটক করা হয়। এ ঘটনায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।অভিযানে তাহিরপুর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, নদীর পাড় কেটে এবং ইজারাবহির্ভূত স্থান থেকে নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
শামসুল আলম আখঞ্জী / নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: