ছাতকে বিলের পানি নিষ্কাশন নিয়ে মুখোমুখী দুই পক্ষ: স্থান পরিদর্শনে হাওর ও নদী রক্ষা আন্দোলন

ছাতকে বিলের পানি নিষ্কাশন নিয়ে মুখোমুখী দুই পক্ষ: স্থান পরিদর্শনে হাওর ও নদী রক্ষা আন্দোলন

নিজস্ব প্রতিনিধি. ছাতক

০৯/১১/২০২৬ ১৭:৪৩:২১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের পাগনা বিলে পানি নিষ্কাশন নিয়ে স্থানীয় কৃষক ও সংশ্লিষ্টদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। এক পক্ষের দাবি, বিলের পানি নিষ্কাশন করা না হলে বোরো ধানের আবাদ ও চারা রোপণ ব্যাহত হবে। অন্য পক্ষের আশঙ্কা, পানি নিষ্কাশন করা হলে পরবর্তীতে সেচের পানির সংকট দেখা দিতে পারে। এতে বোরো আবাদ হুমকির মুখে পড়বে।

এমন পরিস্থিতিতে গত ৮ নভেম্বর দুপুরে ভাতগাঁও ইউনিয়নের পাগনারপার ও সাদারাই এলাকার পাগনা বিল জনস্বার্থে পরিদর্শন করেন হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতক উপজেলা কমিটির সাধারণ সম্পাদক উজ্জীবক সুজন তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জামিল হোসেন, বাঁধ বিষয়ক সম্পাদক শিব্বির আহমদসহ অন্যান্য নেতাকর্মী।

পরিদর্শনকালে দেখা যায়, বিলের পূর্ব পাশে অধিকাংশ বোরো জমি ও ধানের চারা রোপণের উপযোগী জমি শুকিয়ে গেছে অথবা শুকিয়ে যাচ্ছে। কয়েকজন কৃষককে দুটি সেচযন্ত্রের মাধ্যমে জমিতে পানি সরবরাহ করতে দেখা যায়। অন্যদিকে বিলের পশ্চিম পাশে কিছু জমি ও চারা রোপণের উপযোগী ভূমি এখনো পানির নিচে রয়েছে।

এ সময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে পানি নিষ্কাশন নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া যায়। এক পক্ষ দ্রুত পানি নিষ্কাশনের দাবি জানালেও অন্য পক্ষ বোরো আবাদে ভবিষ্যৎ পানির প্রয়োজন বিবেচনায় আপাতত পানি নিষ্কাশন না করার পক্ষে মত দেন।

হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতাকর্মীদের পর্যবেক্ষণে উঠে আসে, তুলনামূলক উঁচু জমিতে ইতোমধ্যে পানি কমে যাওয়ায় কৃষকরা চাষাবাদের প্রস্তুতি নিচ্ছেন। এসব জমিতে চাষাবাদ শুরু হলে বিলের পানির পরিমাণ আরও কমে যেতে পারে। তাই উঁচু জমিতে চাষাবাদের কাজ সম্পন্ন হওয়ার পর বিশেষ প্রয়োজন বিবেচনায় পানি নিষ্কাশনের বিষয়টি পুনর্বিবেচনা করা যেতে পারে বলে মনে করছে সংগঠনটি।

স্থানীয়দের সঙ্গে আলোচনায় পানি নিষ্কাশনের পক্ষে তুলনামূলক কমসংখ্যক কৃষক এবং আপাতত পানি নিষ্কাশন না করার পক্ষে বেশি সংখ্যক কৃষক মত দিয়েছেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।

এদিকে পানি নিষ্কাশন নিয়ে বিরোধের পেছনে বিলের ইজারা-সংক্রান্ত কোনো স্বার্থ বা কৌশল কাজ করছে কি না, সেটিও নিরপেক্ষভাবে খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে বলে মনে করছে সংগঠনটি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি।

পানি উন্নয়ন বোর্ডের ছাতক উপসহকারী প্রকৌশলী (এসও) সৈয়দুজ্জামান নাহিদ বলেন, উল্লেখিত বাঁধটি পিআইসি প্রকল্পের আওতাভুক্ত নয়।

হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দের মতে, উভয় পক্ষের বক্তব্য ও মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতি বিবেচনায় বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে সরেজমিন পরিদর্শন করা প্রয়োজন। কৃষকের বোরো আবাদ, সেচের পানির ভবিষ্যৎ চাহিদা এবং পানি নিষ্কাশনের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে একটি গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেওয়া জরুরি। অন্যথায় পানি নিষ্কাশনকে কেন্দ্র করে ভবিষ্যতে এলাকায় বিরোধ ও বিশৃঙ্খলার আশঙ্কা রয়েছে।সংগঠনটি কৃষকের স্বার্থ রক্ষায় বিষয়টির নিরপেক্ষ তদন্ত, সরেজমিন পরিদর্শন ও প্রয়োজনীয় প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছে।

নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad