এমসি কলেজে ছাত্র ফ্রন্টের ফুটবল বিশ্বকাপভিত্তিক কুইজ ও সভা
চলতি ২০২৬ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মুরারিচাঁদ (এমসি) কলেজ শাখা। আজ মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
সংগঠনের কলেজ শাখার সংগঠক আমেনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা সাংগঠনিক কমিটির সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস। এ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সিলেট নগর শাখার সভাপতি সুমিত কান্তি দাস পিনাক ও সাধারণ সম্পাদক বুশরা সোহেল।
সভায় বক্তারা ফুটবলের দীর্ঘ ইতিহাস এবং বর্তমান সময়ে খেলাধুলার ওপর বাণিজ্যিকীকরণের প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভায় বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস বলেন — নানা জাঁকজমক ও আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হচ্ছে। তবে এই রোমাঞ্চকর আয়োজনের আড়ালে রয়েছে সাম্রাজ্যবাদী আগ্রাসন ও করপোরেটদের বিশাল বিনিয়োগ। ফুটবল আজ আর নিছক কোনো খেলা বা মানবিক আবেদন নয়, বরং পুঁজিপতিদের বিনিয়োগের প্রধান জায়গায় পরিণত হয়েছে।
সঞ্জয় কান্ত দাস তাঁর বক্তব্যে ফুটবলের সামাজিক ও ঐতিহাসিক ভূমিকার কথা স্মরণ করে বলেন, ফুটবল একসময় মানবিক ঐক্যের পটভূমি ছিল। আমাদের মহান স্বাধীনতা সংগ্রামের পক্ষে জনমত গঠন ও তহবিল সংগ্রহে ‘স্বাধীন বাংলা ফুটবল দল’ অনন্য ভূমিকা রেখেছিল। তেমনি ব্রাজিলের স্বৈরশাসন উচ্ছেদের লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিলেন কিংবদন্তি ফুটবলার ডা. সক্রেটিস। এমনকি মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে সব সময় সরব ছিলেন ডিয়েগো ম্যারাডোনা। অথচ আজ খেলাকে কেবলই করপোরেট ব্যবসার হাতিয়ারে পরিণত করে এর সামাজিক দিকটিকে আড়ালে ঠেলে দেওয়া হচ্ছে।
বক্তারা আহ্বান জানান, ফুটবলের এই বাণিজ্যিকীকরণের যুগে মাঠের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি এর আড়ালে থাকা করপোরেট ক্ষত সম্পর্কেও সবাইকে সচেতন হতে হবে। পুঁজির দাপট থেকে মুক্ত করে ফুটবলকে আবারও মানবিক ঐক্য ও সংহতির জায়গায় ফিরিয়ে আনার ওপর জোর দেন তাঁরা।
অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
তাহির আহমদ/ সজল আহমদ
মন্তব্য করুন: