সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার ২
নগরীর দাড়িয়াপাড়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান ফটকে অগ্নিসংযোগের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয় লোকজনের সহায়তায় তাদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- বরিশালের আগৈলঝড়া থানার আসকর, কালীবাড়ি এলাকার মকুল বাড়ই ও বিভা বাড়ইয়ের ছেলে অপূর্ব বাড়ই এবং সুনামগঞ্জের দিরাই থানার বলনপুর এলাকার বিনয় সরকার ও সীমা রানী সরকারের ছেলে দুর্জয় সরকার । তারা দুজনই দাড়িয়াপাড়ার ৬৩/বি নম্বর বাসায় বসবাস করতেন।
পুলিশ জানায়, ২১ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে কোতোয়ালী মডেল থানা পুলিশ দাড়িয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। ২১ নভেম্বর থানায় নথিভুক্ত জিডি নম্বর ২১৫৯-এর ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয় লোকজনের মাধ্যমে শনাক্তের পর তাদের গ্রেফতার করা হয়।
এর আগে ২০ নভেম্বর দিবাগত রাত ২টা ৪৫ মিনিট থেকে ৩টা ২০ মিনিটের মধ্যে দাড়িয়াপাড়ার মেঘনা-এ/২৫, অপর্ণা ভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান ফটকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা পেট্রোল বা কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে এলাকায় আতঙ্ক ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে গ্রেফতার দুজনের পাশাপাশি পলাতক অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের পারস্পরিক সহযোগিতায় অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে বলে জানানো হয়েছে। নাশকতা সৃষ্টি, জননিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নিত এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে।
এ ঘটনায় গ্রেফতার দুজনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: