বিশ্ব শ্রমিক আন্দোলনে সুনামগঞ্জে শ্রমিক-কৃষক ঐক্যের সংহতি,ঐক্যের ডাক

বিশ্ব শ্রমিক আন্দোলনে সুনামগঞ্জে শ্রমিক-কৃষক ঐক্যের সংহতি,ঐক্যের ডাক

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২২/১১/২০২৬ ১৯:১৪:৩৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিশ্বব্যাপী শ্রমিক ও ছাত্র-জনতার চলমান আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সুনামগঞ্জে সমাবেশ করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ। শ্রমিকদের ন্যায্য মজুরি ও চাকরির নিশ্চয়তা, জীবনযাত্রার ব্যয় হ্রাস, আবাসন সংকট নিরসন, শিক্ষা ও জনসেবা খাতে বরাদ্দ বৃদ্ধি এবং যুদ্ধ প্রস্তুতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতারা।

রোববার (২২ নভেম্বর) বিকেল ৪টায় শহরের রায়পাড়ায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটি এ সংহতি সমাবেশের আয়োজন করে।

জেলা কমিটির সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টুর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনির মিয়ার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রত্নাংকুর দাস জহর, ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির সহ-সভাপতি আমির উদ্দিন, স’মিল শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি আইয়ুবুর রহমান, সুনামগঞ্জ জেলা হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক টিটু দাস ও সহ-সাধারণ সম্পাদক স্বপন মিয়া।

সমাবেশে বক্তারা বলেন, বিশ্বব্যাপী শ্রম ও পুঁজির দ্বন্দ্ব ক্রমেই তীব্র হচ্ছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, আবাসন সংকট, মজুরি ও পেনশনসংক্রান্ত অসন্তোষসহ নানা কারণে ফ্রান্স, জার্মানি, স্পেন, ইতালিসহ ইউরোপের অন্তত ৩১টি দেশ এবং আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশে শ্রমিক ও সাধারণ মানুষ আন্দোলনে নেমেছেন। এসব আন্দোলনের মধ্য দিয়ে শ্রমিকরা ন্যায্য মজুরি, চাকরির নিরাপত্তা, সামাজিক সুরক্ষা এবং মৌলিক নাগরিক সেবার নিশ্চয়তা দাবি করছেন।

বক্তারা অভিযোগ করেন, বিভিন্ন দেশে শ্রমিকদের ন্যায্য দাবির আন্দোলন দমনে পুলিশ ও সেনাবাহিনী ব্যবহার করে দমন-পীড়ন চালানো হচ্ছে। এতে শ্রমিকদের অধিকার আদায়ের গণতান্ত্রিক আন্দোলন বাধাগ্রস্ত হচ্ছে।

বাংলাদেশের শ্রমিক আন্দোলনের প্রসঙ্গ তুলে নেতারা বলেন, প্রায় এক মাস ধরে গার্মেন্টস শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কিন্তু তাঁদের দাবি বিবেচনা করে কার্যকর উদ্যোগ নেওয়ার পরিবর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ এবং দলীয় ক্যাডারদের হামলার মাধ্যমে আন্দোলন দমনের চেষ্টা করা হচ্ছে বলে তাঁরা অভিযোগ করেন। চলমান আন্দোলনে তৌফিক ও সেলিম নামের দুই গার্মেন্টস শ্রমিকের মৃত্যুর ঘটনাও উল্লেখ করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রকৃত তাৎপর্য অনুধাবন করে শ্রমিক শ্রেণিকে সচেতন ও সংগঠিত হতে হবে। সাম্রাজ্যবাদী শক্তি ও তাদের এদেশীয় স্বার্থান্বেষী গোষ্ঠী জনগণের অসন্তোষকে নিজেদের স্বার্থে ব্যবহারের অপচেষ্টা চালায়। তাই এসব অপতৎপরতা সম্পর্কে সতর্ক থেকে শ্রমিক-কৃষকের মৈত্রীর ভিত্তিতে বিকল্প বিপ্লবী ট্রেড ইউনিয়ন আন্দোলন গড়ে তুলতে হবে।

তাঁরা বলেন, শ্রমিকদের সংগ্রাম শুধু মজুরি বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। জীবিকার অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি যুদ্ধ প্রস্তুতি ও সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্যসহ জনসেবা খাতে বরাদ্দ বৃদ্ধি এবং শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিশ্চিত করতে হবে।

সমাবেশ থেকে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, দমন-পীড়ন বন্ধ, দ্রব্যমূল্য ও আবাসন ব্যয় হ্রাস এবং যুদ্ধের পরিবর্তে জনকল্যাণমূলক খাতে রাষ্ট্রীয় বরাদ্দ বৃদ্ধির দাবিতে শ্রমিক, কৃষক ও মেহনতি মানুষকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।

প্রীতম দাস/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad