হাসির ছলে পণ্য বিক্রি, জমজমাট ফুটপাত
‘আপা আপা করিস না, ৩০ টাকায় পাইবা না’
‘আপা আপা করিস না, ৩০ টাকায় পাইবা না!’ কখনো এমন মজার সংলাপ, কখনো আবার ছন্দময় হাঁকডাক। ক্রেতা টানতে এমনই ব্যতিক্রমী কৌশল নিয়েছেন সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারের ফুটপাতের কাপড় বিক্রেতা জালাল উদ্দীন। তাঁর হাঁকডাক শুনে পথচারীদের কেউ হাসছেন, কেউ কৌতূহলী হয়ে দাঁড়াচ্ছেন, আবার কেউ দরদাম শেষে কিনে নিচ্ছেন পছন্দের শীতের পোশাক।
জালালের এই মজার প্রচারণা যেন ফুটপাতের শীতবস্ত্রের বাজারে বাড়তি আকর্ষণ তৈরি করেছে। তবে শুধু হাসি-ঠাট্টা নয়, তাঁর দোকানে ক্রেতাদের ভিড়ের অন্যতম কারণ কম দাম। যেখানে বড় মার্কেটে একটি জ্যাকেট কিনতে গুনতে হচ্ছে কয়েকশ টাকা, সেখানে ফুটপাতেই মিলছে ২০-৩০ টাকা থেকে শুরু করে ১০০-৪০০ টাকার নানা ধরনের শীতের পোশাক।
শীতের আগমনী বার্তার সঙ্গে সুনামগঞ্জ শহরে বাড়তে শুরু করেছে শীতবস্ত্রের কেনাকাটা। তবে এবার বড় মার্কেটের ঝকঝকে শোরুমের চেয়ে ফুটপাতের অস্থায়ী দোকানেই বেশি আগ্রহ দেখাচ্ছেন অনেক ক্রেতা। বিশেষ করে নিম্নআয়ের মানুষের পাশাপাশি সীমিত বাজেটের মধ্যবিত্ত পরিবারগুলোও ঝুঁকছেন এসব দোকানে।
শনিবার ও রবিবার সরেজমিনে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, আলফাত স্কয়ার, কোর্ট পয়েন্ট, ষোলঘর, কাজির পয়েন্ট ও ওয়েজখালীসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোর ফুটপাতজুড়ে বসেছে শীতবস্ত্রের দোকান। কোথাও ঝুলছে শিশুদের রঙিন পোশাক, কোথাও সাজানো ফুলহাতা গেঞ্জি, সোয়েটার, জ্যাকেট, টুপি ও চাদর। ক্রেতারা এক দোকান থেকে অন্য দোকানে ঘুরে দেখছেন পোশাক, করছেন দরদাম। পছন্দ ও সাধ্যের সমন্বয় ঘটলেই চলছে কেনাকাটা।
শহরের মল্লিকপুর এলাকার বাসিন্দা আমিরুদ্দিন ফুটপাত থেকে নিজের জন্য একটি জ্যাকেট ও শিশুদের জন্য একটি প্যান্ট কিনেছেন। তিনি বলেন, জ্যাকেটটি কিনেছেন ৪০০ টাকায়। একই ধরনের জ্যাকেট মার্কেট থেকে কিনতে গেলে প্রায় ৬০০ টাকা লাগত। আর প্যান্টটি কিনেছেন ৭০ টাকায়। কম দামে পোশাক পাওয়ায় গরিব ও নিম্নআয়ের মানুষের জন্য ফুটপাতের দোকানগুলো বেশ উপকারী।
শান্তিগঞ্জ উপজেলার জয়কলস থেকে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছেন রাবেয়া বেগম। সঙ্গে ছিলেন তাঁর আরও দুই বোন। তিনজন মিলে আলফাত স্কয়ারের একটি ফুটপাতের দোকানে দীর্ঘক্ষণ পোশাক যাচাই-বাছাই করে ছয়টি ফুলহাতা গেঞ্জি কিনেছেন ৯০০ টাকায়।
রাবেয়া বেগম বলেন, ছয়টি গেঞ্জির দাম ও গুণগত মান তাঁদের পছন্দ হয়েছে। শীতের কথা চিন্তা করে শিশুদের জন্য এগুলো কিনেছেন। মার্কেট থেকে কিনতে গেলে একই পোশাকের দাম আরও বেশি পড়ত বলে মনে করেন তিনি।
ফুটপাতের বিক্রেতা জালাল উদ্দীন বলেন, তাঁরা কম দামে কাপড় বিক্রি করছেন। বেচাকেনাও ভালো হচ্ছে। বিশেষ করে শিশুদের পোশাক ৩০ টাকায় বিক্রি করছেন। গরিব মানুষের কথা চিন্তা করেই কম দামে এসব কাপড় সংগ্রহ করেছেন।
আরেক বিক্রেতা রুহান মিয়া বলেন, প্রায় এক সপ্তাহ ধরে তাঁরা শীতের পোশাক বিক্রি করছেন। মূলত নিম্নআয়ের মানুষের কথা চিন্তা করেই এসব পোশাক সংগ্রহ করেছেন। অনেক ক্রেতাই দিনমজুর ও স্বল্প আয়ের মানুষ। তাঁদের কাছে বেশি দাম চাওয়া যায় না। তাই যতটুকু সম্ভব কম লাভে পোশাক বিক্রি করছেন।
শীতের পোশাক কিনতে ফুটপাতের দোকানগুলোতে যখন ক্রেতাদের দরদাম আর কেনাকাটার ব্যস্ততা, তখন শহরের বড় মার্কেটগুলোর ব্যবসায়ীদের কণ্ঠে হতাশার সুর। তাঁদের অভিযোগ, ক্রেতারা দোকানে আসছেন, পোশাক দেখছেন, দাম যাচাই করছেন; কিন্তু প্রত্যাশা অনুযায়ী কিনছেন না।
দোজা মার্কেটের গাউসিয়া ব্রাঞ্চের ম্যানেজার রাজিব হাসান কাসেম বলেন, ক্রেতা আসছেন, তবে সেই অনুপাতে বিক্রি হচ্ছে না। অনেকেই পোশাক দেখে দাম যাচাই করে চলে যাচ্ছেন। গত বছর এ সময়ে বেচাকেনা ভালো থাকলেও এবার তুলনামূলক কম।
নিউ টপ কালেকশনের প্রোপ্রাইটর রাসেল মিয়াও একই চিত্রের কথা জানিয়েছেন। তিনি বলেন, শীত আসতে শুরু করলেও শীতের পোশাক বিক্রি তেমন হচ্ছে না। বেচাকেনার অবস্থা খুবই খারাপ। এ বছর এখনো শীতের পোশাকের পর্যাপ্ত নতুন সংগ্রহও আসেনি। ক্রেতাদের উপস্থিতি কম থাকায় নতুন করে বেশি মালামাল আনতেও আগ্রহ পাচ্ছেন না তিনি।
সব মিলিয়ে সুনামগঞ্জের শীতবস্ত্রের বাজারে এবার যেন দুই রকম চিত্র। একদিকে ফুটপাতের কম দামের পোশাকে স্বস্তি খুঁজছেন সাধারণ ক্রেতারা, অন্যদিকে ক্রেতা কমে যাওয়ায় হতাশ বড় মার্কেটের ব্যবসায়ীরা। তবে জালাল উদ্দীনের ‘আপা আপা করিস না, ৩০ টাকায় পাইবা না’ এমন মজার হাঁকডাকে অন্তত ফুটপাতের শীতের বাজারে যে বাড়তি প্রাণ ফিরেছে, তা চোখে পড়ার মতো।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: