চায়ের দোকানে 'লুসিড ড্রিম'!
সিলেট ল কলেজ সংলগ্ন আবুল মাল ক্রীড়া কমপ্লেক্সের প্রবেশমুখে ডান পাশ ঘেঁষে সারি ধরে দাঁড়িয়ে আছে বেশ কয়েকটি চায়ের দোকান। তারই একটিতে সন্ধ্যায় চায়ের কাপে চুমুক দিতে আসেন অনেক লোক। বিকেল বেলা শরীর চর্চা শেষে প্রতিদিনের মতো আমিও নিয়মিত চা পান করি একটি দোকানে। কোন সময় চা পন শেষ করেই চলে আসি, আবার কোনদিন দোকানে আসা বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের ভাবনার কথাগুলো মন দিয়ে শুনি। বোঝার চেষ্টা করি সাধারণ মানুষের ভাবনায় রাজনীতির চিরাচরিত পারদ কেমন চড়ছে?
দোকানটি চালান কমরেড তোহা মীর্জা। সুনামগঞ্জ শহরের আরফিন নগর এলাকার এই মানুষটি একসময় রাজনীতির পোড় খাওয়া কর্মী ছিলেন। এখন জীবিকার তাগিদে রাজনীতি থেকে অনেক দূরে, নিঃশব্দে চা ঢালেন আর মানুষের কথা শোনেন। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই তাঁর দোকানে জমে ওঠে নানা শ্রেণি-পেশার মানুষের আড্ডা। যেখানে সামিল হন-সরকারি কর্মচারী, ওষুধ কোম্পানির প্রতিনিধি, শরীরচর্চা সেরে ফেরা লোকজন থেকে শুরু করে শ্রমজীবী মানুষ। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় চায়ের দোকানে লোকজনের জটলায় শ্রোতা হয়ে শুনলাম দেশের হালচাল, লকডাউন, আইনশৃঙ্খলা আর আসন্ন ডিসেম্বর ঘিরে নানা হিসাব-নিকাশ।লকডাউন থেকে পাল্টাপাল্টি খোঁচাআড্ডার শুরুতেই আওয়ামী লীগের ডাকা লকডাউন নিয়ে শুরুতেই কথা উঠল। প্রসঙ্গটি উঠালেন চায়ের দোকানের বাঁ পাশের বেঞ্চে বসে চায়ে চুমুক দেওয়া পঞ্চাশোর্ধ্ব আলী আমজদ। তিনি গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে পাশে থাকা অপর সমবয়সী একজনের কাছে জানতে চাইলেন। জামায়াত সমর্থক ওই লোকটির উত্তর ছিল-‘গোপালগঞ্জ ছাড়া আর কোথাও লকডাউন কার্যকর হয়নি। এরপরই তিনি বিএনপিকে খোঁচা দিয়ে মন্তব্য করেন, ক্ষমতায় থাকতেই নাকি বিএনপির তিনজন এমপি গোপালগঞ্জ ছেড়ে পালিয়েছিলেন, আর গোপালগঞ্জে জামায়াত থাকলে আওয়ামী লীগ এক সেকেন্ডও টিকতে পারত না।’প্রশ্নকর্তা আলী আমজদকে বিএনপির সমর্থক বলে মনে হচ্ছিল। তেলে-বেগুনে জ্বলে উঠে তিনিও বলে উঠলেন-‘আপনাদের এত হিম্মত থাকলে সেনাবাহিনীর গাড়িতে চড়ে কেন (জামায়াত-শিবির-এনসিপি) গোপালগঞ্জ থেকে সরে গিয়েছিল। চাপা একটু কম মারেন মিয়া।’
মুখ থেকে সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে আলোচনায় যুক্ত হন চায়ের দোকানের ডান পাশের বেঞ্চে থাকা আরেক পরিচিত মুখ তরতাজা যুবক জালাল উদ্দিন।
উদ্বেগ ঝরিয়ে তিনি বললেন, ‘ভাইরে, দেশের পরিস্থিতি মোটেও ভালো নয়। সাত জেলা নিয়ন্ত্রণে মাঠে এখন ৯৬ প্লাটুন বিজিবি।
তিনি শঙ্কার কথা জানিয়ে বলেন, এর আগে দীর্ঘ সময় ধরে সেনাবাহিনীর ওপর ভর করে দেশ চালানোর চিত্রও দেখছেন মানুষ। তাঁর মতে, ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা আর অনিশ্চয়তায় সাধারণ মানুষের ঘুম হারাম হয়ে গেছে, আর কত মায়ের বুক খালি হবে তা নিয়েও শঙ্কা রয়েছে।
জালাল উদ্দিনের কথা শুনে মুখ থেকে চায়ের কাপ রেখে জ্বলে উঠলেন অপর একজন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সজীব হোসেইন। টেবিল চাপড়ে তিনি প্রশ্ন তোলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি তবে বসে থাকার জন্য? নাশকতা হলে কি বাহিনী চুপ করে থাকবে?’ তাঁর সঙ্গে সুর মেলান বিএনপি সমর্থক আলী আমজদও। তিনি বলেন, ‘শেখ হাসিনাকে দেশে ফিরতে দেওয়া হবে না। এর জন্য প্রয়োজনে সেনাবাহিনী নামানো বা ১৪৪ ধারা জারি অবশ্যই করা প্রয়োজন। কারণ ফ্যাসিস্ট শক্তি দেশে প্রবেশ করলে, দেশ ফিরে যাবে পুরনো অবস্থায়।
আলী আমজদের কথা শুনে একেবারেই তেলে-বেগুনে জ্বলে উঠলেন ল কলেজের শিক্ষার্থী বিশ্বনাথের মোর্শেদ আহমদ। তিনি বলতে চাইলেন-‘তার মানে দেশ কি এখন ভালো চলছে? কোনটি ভালো! বিগত শাসনগুলোর সঙ্গে একটি পার্থক্য উল্লেখ করে দেখান।’ এবার মোর্শেদের কথায় চুপসে গেলেন উপস্থিত সকলেই।কথা চলতেই ছিল। কিন্তু বাধা সাধলেন দোকানি। দোকানদার তোহা মীর্জা রাজনৈতিক কথা আর না বাড়ানোর পরামর্শ দিলেন উপস্থিত সকলকে। সবাই কিছুটা চুপসে গেলেন।পুরোটা সময় জুড়ে প্রতিবেদক সেখানে নীরব পর্যবেক্ষক। মনে হচ্ছিল 'লুসিড ড্রিম'—কোনো শব্দ না করেই পুরো তামাশা পর্যবেক্ষণ।
দোকানদার তোহা মীর্জার শান্ত কথায় আড্ডার উত্তাপ মুহূর্তেই কিছুটা স্তিমিত হয়ে আসে। কেউ আর নতুন করে কোনো স্লোগান বা পাল্টা খোঁচায় জড়াননি। সবাই যার যার চায়ের কাপে চুমুক দিতে দিতে নিজের ভাবনায় ডুবে যান। বাইরে সন্ধ্যা গাঢ় হয়ে আসছে, আবুল মাল ক্রীড়া কমপ্লেক্সের সামনের সড়কে তখনো মানুষের আনাগোনা আর গাড়ির হালকা শব্দ।
চায়ের কাপে শেষ চুমুক দিয়ে উঠে দাঁড়ানোর সময় মনে হলো, চায়ের দোকানের এই তপ্ত তর্ক আসলে বাইরের বড় বাস্তবতারই ছোট্ট প্রতিচ্ছবি; যেখানে প্রত্যেকেই নিজের চোখে দেখা সত্যটাকে আঁকড়ে ধরে, আর উত্তরগুলো ঝুলে থাকে আগামীর সময়ের হাতে।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: