গোয়াইনঘাট নৌকা চুরির অভিযোগে যুবকের চোখ উপড়ে ফেলার অভিযোগ
সিলেটের গোয়াইনঘাটের তোয়াকুল ইউনিয়নে একটি ছোট্র নৌকা চুরির অভিযোগ এক যুবকের দুটি চোখ উপড়ে ফেলা হয়েছে। চোখ হারানো যুবকের নাম খালেদ আহমদ (২০)। সে ৮ নং তোয়াকুল ইউনিয়নের লাকী গ্রামের সোনাই মিয়ার ছেলে। মুমূর্ষু অবস্থায় আহত খালেদকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায় গত শনিবার (২৭ জুন) দিবাগত রাতে তোয়াকুল ইউনিয়নের শাহপুর গ্রামের মোস্তাকের বাড়ির পুকুর থেকে ছোট্র একটি নৌকা চুরি হয়। এরই জের ধরে রবিবার (২৮ জুন) বিকাল ৫ টায় তোয়াকুল বাজারে মাছ,তরকারি বাড়ির আনুষঙ্গিক খরচাপাতি ক্রয় করতে আসেন তোয়াকুল ইউনিয়নের লাকী গ্রামের সোনাই মিয়ার ছেলে খালেদ আহমদ (২০)। এসময় তোয়াকুল ইউনিয়নের শাহপুর গ্রামের আহমদ আলীর ছেলে
মোস্তাক আহমদ, তোতা মিয়ার ছেলে পছাই মিয়া,ময়না মিয়ার ছেলে সেলিম আহমদ, নেছার আলীর ছেলে ফখরুল ইসলাম,আব্দুল জব্বারের ছেলে ইলিয়াস মিয়া, ইউসুফ আলীর ছেলে তোতা মিয়া এবং ইবই মিয়ার ছেলে সিরাজ উদ্দিন সংঘবদ্ধ হয়ে খালেদ আহমদকে প্রথমে অপহরণ করে শাহপুর গ্রামের মোস্তাক আহমদের বাড়িতে নিয়ে যায়। এসময় তারা সংঘবদ্ধ ভাবে তাকে প্রথমে ব্যাপাক মারপিট ও শারীরিক নির্যাতন করে এক পর্যায়ে খালেদের দুটি চোখ উপড়ে ফেলে।
খালেদের অবস্থা আশংকাজনক হয়ে পড়লে রাত সাড়ে ১১ টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সিতে রেখে পালিয়ে আসেন তারা। খবর পেয়ে নির্যাতিত খালেদ আহমদের মা কুটনা বেগম ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে গিয়ে খালেদকে মেডিকেলের৭ নং ওয়ার্ডে ভর্তি করেন।
এ ব্যাপরে তোয়াকুল ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সদস্য লোকমান আহমদ বলেন,খালেদ আহমদকে রবিবার বিকাল ৫টার দিকে তোয়াকুল বাজার থেকে শাহপুর গ্রামের মোস্তাকের নেতৃত্বে অপহরণ করা হয়, খবর পেয়ে আমি তাকে মারধর, নির্যাতন না করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে অপহরণকারীদের অনুরোধ করলেও তারা আমার কথা শুনেনি।
তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লোকমান উদ্দিন বলেন,খালেদ আহমদকে রবিবার বিকাল ৫ টার দিকে তোয়াকুল বাজার থেকে শাহপুর গ্রামের কয়েকজন দূর্বৃত্ত অপহরণ করছেন বলে খবর জেনেছি এবং তাৎক্ষণিকভাবে স্থানীয় মেম্বার লোকমান আহমদকে ঘটনাস্থল পরিদর্শন করে তাকে উদ্ধার করতে বলি। কিন্তু দূর্বৃত্তরা মেম্বার সাহেবের কথাও শুনেনি।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন,ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠাই। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
তাহির আহমদ/ মীর্জা ইকবাল
মন্তব্য করুন: