অসুস্থ গরুর মাংস বিক্রি,জকিগঞ্জে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানাসহ কারাদণ্ড
সিলেটের জকিগঞ্জ বাজারে আজ রবিবার (২৮ জুন) দুপুরে একটি বিশেষ মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান চলাকালে অসুস্থ গরু জবাই করে ভেজাল মাংস বিক্রির অপরাধে একজনকে ৭ দিনের কারাদণ্ড ও জরিমানার পাশাপাশি আরও কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জকিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক প্রণয় বিশ্বাস।আসামের উপস্থিত ছিলেন থানা ও উপজেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তা।
অভিযান সূত্রে জানা গেছে, জকিগঞ্জ বাজারে অসুস্থ গরু জবাই করে বাজারে ভেজাল মাংস বিক্রি করার অপরাধে একজন হাতেনাতে ধরা পড়ে। এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪১ ধারায় এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা এবং একই সাথে ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ভেজাল মাংস বিক্রেতার পাশাপাশি বাজারের আরও ৩টি দোকান এবং ২টি সিএনজি চালিত অটোরিকশাকে বিভিন্ন অনিয়মের দায়ে জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে আজকের অভিযানে সর্বমোট ১২,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক প্রণয় বিশ্বাস জানান, জনস্বার্থে এবং ভেজালমুক্ত বাজার ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসনের এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
মোর্শেদ লস্কর /সজল আহমদ
মন্তব্য করুন: