গ্রুপসেরা হয়ে নকআউটে নেদারল্যান্ডস, প্রতিপক্ষ মরক্কো
দাপুটে ফুটবলে তিউনিসিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপপর্ব শেষ করেছে নেদারল্যান্ডস। এই জয়ে ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে ডাচরা। একই সময়ে জাপান ও সুইডেনের ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ায় তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখে নেদারল্যান্ডস। ফলে শেষ ৩২-এর লড়াইয়ে সম্ভাব্য কঠিন প্রতিপক্ষ ব্রাজিলকে এড়িয়ে ‘সি’ গ্রুপের রানারআপ মরক্কোর মুখোমুখি হবে তারা।
কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় নেদারল্যান্ডস। ম্যাচের শুরুতেই তিউনিসিয়ার অধিনায়ক এলিস শিকিরির আত্মঘাতী গোলে এগিয়ে যায় ডাচরা। এরপর সপ্তম মিনিটে ব্রায়ান ব্রবি নিজের বিশ্বকাপের তৃতীয় গোল করে ব্যবধান ২-০ করেন। ভার্জিল ফন ডাইকের হেড থেকে আসা বল জালে পাঠিয়ে দলের নিয়ন্ত্রণ আরও শক্ত করেন তিনি।
বিরতির পর তিউনিসিয়া কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয়। ৫৪তম মিনিটে কর্নার থেকে হাজেম মাসতুরি গোল করে ব্যবধান ২-১ করেন। তবে তাদের সেই আশা বেশিক্ষণ টেকেনি। ৬২তম মিনিটে জ্যান পল ফন হেকের হেড আনিস স্লিমানের গায়ে লেগে আত্মঘাতী গোলে পরিণত হলে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে নেদারল্যান্ডস।
ম্যাচের দ্বিতীয়ার্ধে ভারী বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কায় কিছু সময়ের জন্য খেলা বন্ধ রাখতে হলেও বিরতির পরও বলের নিয়ন্ত্রণ ধরে রেখে স্বাচ্ছন্দ্যেই ম্যাচ শেষ করে ডাচরা।
এই জয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে নেদারল্যান্ডস। ৫ পয়েন্ট নিয়ে রানারআপ হিসেবে নকআউটে উঠেছে জাপান, যেখানে তাদের প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। অন্যদিকে, ৪ পয়েন্ট নিয়ে সেরা তৃতীয় দলগুলোর একটি হিসেবে পরবর্তী পর্বে জায়গা করে নিয়েছে সুইডেন।
বিশ্বকাপে হতাশাজনক অভিযান শেষ হয়েছে তিউনিসিয়ার। প্রথম ম্যাচে পরাজয়ের পর কোচ পরিবর্তন করেও ভাগ্যের পরিবর্তন হয়নি উত্তর আফ্রিকার দলটির। জাপানের কাছে বড় ব্যবধানে হারার পর নেদারল্যান্ডসের বিপক্ষেও পরাজিত হয়ে কোনো জয় ছাড়াই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে তাদের।
টানা দুই জয় নিয়ে দারুণ আত্মবিশ্বাসে নকআউট পর্বে পা রাখছে নেদারল্যান্ডস। শেষ ৩২-এর লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে চমক দেখিয়ে নকআউট নিশ্চিত করা মরক্কো।
সজল আহমেদ / প্রীতম দাস
মন্তব্য করুন: