সিলেটে হাম ও উপসর্গে মোট মৃত্যু ৭৮, সর্বোচ্চ ৩২ প্রাণহানি সুনামগঞ্জে

সিলেটে হাম ও উপসর্গে মোট মৃত্যু ৭৮, সর্বোচ্চ ৩২ প্রাণহানি সুনামগঞ্জে

প্রথম সিলেট প্রতিবেদন

২৫/০৬/২০২৬ ২৩:২৩:২৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। ইনাইয়া নামের মাত্র ৭ মাস বয়সী এই শিশুটি সুনামগঞ্জ সদর উপজেলার বাসিন্দা ছিল। এই নতুন প্রাণহানিসহ চলতি বছরে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮ জনে।


বৃহস্পতিবার (২৫ জুন) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোঃ মাহবুবুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন। মৃতদের মধ্যে ৭৭ জনই শিশু এবং একজন নার্স রয়েছেন।


বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের সূত্র অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ জুন পর্যন্ত সিলেট বিভাগে হাম ও এর উপসর্গে যে ৭৮ জন মারা গেছেন, তাদের মধ্যে ৪ জনের শরীরে ল্যাব পরীক্ষায় হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। বাকিরা হামের তীব্র উপসর্গ নিয়ে মারা যান। মৃতদের মধ্যে একজন ২২ বছর বয়সী নার্স এবং বাকি ৭৭ জনই শিশু।


জেলাভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে সুনামগঞ্জ: সর্বোচ্চ ৩২ জন,সিলেট: ২৯ জন,মৌলভীবাজার: ১১ জন ও হবিগঞ্জ জেলায় ৬ জন রয়েছেন। 


স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ল্যাব পরীক্ষায় নতুন করে কারও হাম শনাক্ত না হলেও, এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৪ জন রোগী। বর্তমানে পুরো বিভাগের হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে মোট ২৭২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। 


চলতি বছরে এখন পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা ৩৬৮ জন। আক্রান্তের দিক থেকেও শীর্ষে রয়েছে সুনামগঞ্জ জেলা। সুনামগঞ্জ: ২১৩ জন

সিলেট: ১০৭ জন, হবিগঞ্জ: ৩২ জন ও মৌলভীবাজার: ১৬ জন। 


বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে সন্দেহজনক হাম নিয়ে চিকিৎসাধীন ২৫৮ জন রোগীর একটি বড় অংশই ভর্তি আছেন সিলেট শহরের প্রধান হাসপাতালগুলোতে।


বর্তমানে সিলেট বিভাগে হাসপাতালে ভর্তিকৃত সন্দেহজনক ২৫৮জন রোগীর মধ্যে- সর্বোচ্চ ৮৭ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭৩, রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতালে ১১, মাউন্ট এডোরা হাসপাতালে ৩, নর্থ ইস্ট হাসপাতালে ১১, পার্কভিউ মেডিকেল হাসপাতালে ৩, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ২, সিলেট লায়ন্স হাসপাতালে ৬, কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪১, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৩, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৪ জন ভর্তি রয়েছেন।

মীর্জা ইকবাল/ তাহির আহমদ

মন্তব্য করুন: